চন্দনাইশে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, গ্রেপ্তার ৩
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ এলাহাবাদ নতুনপাড়া পাহাড়ি এলাকায় গতকাল বুধবার সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।আটক ব্যক্তিরা হলেন: বান্দরবানের উষা চিং মারমা (৩৮) এবং মিয়ানমারের মংডু এলাকার আবু তৈয়ব (২২) ও মোহামঞ্চদ আলী (২৫)। পুলিশ সূত্র জানায়, ১৫-২০ জন সন্ত্রাসী উপজেলার পাহাড়ি নতুনপাড়া এলাকায় অবস্থান নিয়ে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছে—এই খবরের ভিত্তিতে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়েরের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় পুলিশও পাঁচটি গুলি করে। এতে চার সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ উষা চিং মারমাসহ তিন সন্ত্রাসীকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১০ লিটার মদ, বারুদ, সিসা, টর্চলাইট ও গুলির খোসা উদ্ধার করা হয়। চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মশিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।