চন্দনাইশে বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইন্যাপুকুর এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: অটোরিকশার চালক মোহাম্মদ আলিম (২৭), নেছার উদ্দীন (৩৫) ও অজ্ঞাত (৪০)। মোহাম্মদ আলিমের বাড়ি চন্দনাইশ ও নেছারউদ্দিনের বাড়ি লোহাগড়ায়। আহত ব্যক্তিদের চন্দনাইশ ও দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সোনা মিয়া ও মোহাম্মদ রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস দুপুর সাড়ে ১২টার দিকে বাইন্যাপুকুরটেক এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে অতিক্রম করার সময় অটোরিকশাটিকে চাপা দিলে তা দুমড়ে-মুচড়ে যায় এবং বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে পড়ে যায়। ঘটনাস্থলে চালকসহ সিএনজিতে থাকা অন্য দুজন মারা যান।