চন্দনাইশে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ৮
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘর্ষে ছাত্রদলের নেতাসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে যে দুজনের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে তাঁরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ হাসান ও সদস্য মো. পারভেজ। এ ছাড়া আহত মোজাহেরুল হক, নুরুল আলম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রাশেদ, নুরুল হুদা ও জাহেদুল ইসলামের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।জানা গেছে, গতকাল বিকেলে চন্দনাইশ উপজেলা পরিষদ চত্বরে বর্ধিত সভা ডাকে পৌর বিএনপি। একই সময় একই স্থানে উপজেলা ছাত্রদলের মিজানুল ইসলামের সমর্থকেরা নতুন কমিটির পরিচিতি সভা ডাকেন। সভার আগে ছাত্রদল মিছিল বের করলে বিএনপি তাতে বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি বাধে এবং পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ এসে উভয় পক্ষকে লাঠিপেটা করে সরিয়ে দেয়।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মশিউর রহমান জানান, সংঘর্ষ চলার সময় পুলিশ এসে উভয় পক্ষকে ধাওয়া করে।উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিএনপির লোকজন আমাদের ওপর প্রথমে হামলা করে। ছাত্রদলের আহত চারজনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।’পৌর বিএনপির একাধিক নেতা দাবি করেন, সংঘর্ষের পর পূর্বঘোষিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে পৌর বিএনপির সভাপতি নুরুল আনোয়ারের বক্তব্য নেওয়ার জন্য তাঁর মুঠোফোনে বারবার ফোন করা হয়েছে, কিন্তু প্রতিবারই তিনি ফোনের সংযোগ কেটে দেন।