চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দিয়েছে ইটভাটা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর লট এলাহাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ডেকে এনে পানি দিয়ে ইটভাটার সব চুল্লি নিভিয়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূত্রে জানা যায়, গতকাল দুপুরে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত রেজার নেতৃত্বে চন্দনাইশের কাঞ্চননগরের ইটভাটাগুলোতে অভিযান শুরু হয়। এ সময় পিবিএম নামের ইটভাটা অবৈধভাবে ইট তৈরি করার অভিযোগে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন আদালত। পরে আদালত ইটভাটাটি সিলগালা করে দেন।অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন বন বিভাগ পটিয়া বিট কর্মকর্তা সত্যজিৎ রায়, পটিয়া দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফখরুদ্দিন, চন্দনাইশ থানার উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ ও উপজেলা সার্টিফিকেট কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দীন।