চন্দনাইশে রোহিঙ্গাদের হামলা, নারীসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে গত সোমবার রোহিঙ্গারা সশস্ত্র হামলা ও লুটপাট চালিয়েছে পাহাড়ি গ্রাম হাতিয়াখোলার পাঁচটি ঘরে।
গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা পাহাড় থেকে নেমে এসে এ হামলা ও লুটপাট চালায় বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও জনপ্রতিনিধিরা। এ সময় সন্ত্রাসীরা ঘরবাড়িও ভাঙচুর করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ইউপি সদস্য মোহামঞ্চদ ইস্কান্দর জানান, সোমবার রাতে মুখোশ পরা একদল সশস্ত্র রোহিঙ্গা পাহাড় থেকে নেমে এসে গ্রামের চম্পাতলী এলাকার পাঁচটি ঘরে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ঢুকে সবাইকে এলোপাতাড়ি মারধর ও লুটপাট চালায়। সন্ত্রাসীদের হামলায় মহিলা ও পুরুষ মিলে কমপক্ষে ১০ জন আহত হয়।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া আহত ব্যক্তিরা হলেন খুরশিদা বেগম (৩৫) ও মোহামঞ্চদ সেলিম (২৮)। হামলার শিকার ঘরের মালিকেরা হলেন মোহামঞ্চদ অলি ফকির, মাহাবুব আলম, কমলা বেগম, আবদুল আজিজ ও কোরবান আলী।
দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ হামলা ও লুটপাটের ঘটনা নিশ্চিত করেছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ খালেদ হোসেন বলেন, হামলা ও লুটপাটের ব্যাপারে থানায় কোনো পক্ষ কোনো অভিযোগ করেনি। তবে সম্প্রতি বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা বিভিন্ন অপরাধ সংগঠিত করছে বলে স্বীকার করেন ওসি।