চন্দনাইশে সংঘর্ষে আহত ছাত্রের মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে সংঘর্ষের ঘটনায় আহত স্কুলছাত্র আবদুর রহিম (১৬) গত শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ধোঁপাছড়ি শিলঘাটা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
গত বৃহস্পতিবার উপজেলার ধোঁপাছড়ি ইউনিয়নে তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রহিমসহ পাঁচজন আহত হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার দুপুরে সাবেক ইউপি সদস্য জমির উদ্দিনসহ তাঁর চার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ধোঁপাছড়ি শান্তির বাজার এলাকায় ধোঁপাছড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জমির উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী মোস্তাফিজুর রহমানের পরিবারের মধ্যে সংঘর্ষের হয়। এতে মোস্তাফিজুরের ছোট ভাই রহিমসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়।
পুলিশ জানায়, আবদুর রহিমের বড় ভাই সফিউর রহমান বাদী হয়ে গত বৃহস্পতিবার ধোঁপাছড়ি ইউনিয়নের সাবেক সদস্য জমির উদ্দিন উদ্দিনকে প্রধান আসামি করে ছয় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন বলেন, মামলার এজাহারে থাকা চার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।