চন্দনাইশের এক গ্রামেই ১৬টি ইটভাটা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের একটি গ্রামেই গড়ে উঠেছে ১৬টি ইটভাটা। এর মধ্যে পাহাড়ের পাদদেশে নিষিদ্ধ এলাকায় গড়ে তোলা হয়েছে ছয়টি ইটভাটা। বাকি ১২টি সংরক্ষিত বন এলাকার অর্ধকিলোমিটারের ভেতর কিংবা কৃষিজমির ওপর তৈরি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ উপজেলায় ৩০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ গ্রামেই আছে ১৬টি। এতে মোহাম্মদ মুছার মালিকানাধীন আরবিএস; রাশেদুল ইসলাম চৌধুরীর সিবিএম; আবদুর রহিম বাদশার এমআরবি; নুরুল কাদেরের জেএমসি; মোজাফফর আহমদের এমএসি; নুরুল হাকিমের এমএইচওয়াই—এই ছয়টির বৈধ নিবন্ধন আছে। তবে কোনো ইটভাটারই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। পূর্ব এলাবাদ গ্রামে গিয়ে দেখা গেছে, সবগুলো ইটভাটাই সংরক্ষিত বন এলাকার অর্ধকিলোমিটারের ভেতর। তা ছাড়া পাহাড় ও টিলা কেটে তার পাদদেশে গড়ে তোলা হয়েছে এমবিএম, এমআরবি, আরবিএম, এমএইচওয়াই এবং এইচবিএম ভাটা। এগুলোর পাশে কয়লা মওজুদ করে রাখা হলেও পোড়ানো হচ্ছে কাঠ। অথচ ইট পোড়ানো আইনের ধারায় বলা আছে, উপজেলা সদর, ফলের বাগান, বনাঞ্চল, লোকালয় ও জনবসতির তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা করা যাবে না। পূর্ব এলাবাদের বাসিন্দারা জানান, ইটভাটার কালো ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে থাকে। ফসলি জমি পতিত হয়ে আছে। তাতে কোনো ফসল বা ফলের গাছ হচ্ছে না। কৃষক লেদু মিয়া, ফজর আলী ও গুরা মিয়া জানান, এককালে এখানকার পাহাড়-টিলাগুলো গাছগাছড়ায় ভরা ছিল। ধান, শাকসবজি, আম, কাঁঠাল, লেবু, খেজুর ইত্যাদি হতো। পাকিস্তান আমলে এখানে একটি মাত্র ইটভাটা ছিল। পরবর্তী সময়ে ব্যাঙের ছাতার মতো ইটভাটা গড়ে ওঠায় গাছপালা ধ্বংস হয়ে যায়। তারা আরও জানান, এককালে কাঞ্চনাবাদ ও হাশিমপুর ইউনিয়নে রাস্তার দুই পাশে বিপুল পরিমাণ খেজুরগাছ ছিল। ইটভাটাগুলো হওয়ার পর সেখানে পোড়ানো জন্য গাছ কেটে সাবাড় করা হয়েছে। এখন এ এলাকায় কোনো খেজুরগাছই নেই। ইটভাটা মালিক সমিতির সভাপতি আবদুর রহিম বাদশা কিছু ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে বলে স্বীকার করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ আহাম্মদ জানান, যেভাবে কৃষিজমিতে ইটভাটা গড়ে তোলা হচ্ছে, তা চলতে থাকলে এলাকায় কৃষি উৎ পাদন ব্যাহত হবে। গাছে ফল হবে না; হলেও টক হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এমদাদুল হক চৌধুরী জানান, সম্প্রতি এক অভিযানে নিবন্ধন না থাকা ভাটাগুলোর প্রতিটিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ভাটার মালিকদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বখতিয়ার নূর মোহাম্মদ মুঠোফোনে জানান, অবৈধ ও নিষিদ্ধ এলাকায় গড়ে তোলা ইটভাটা বন্ধ এবং মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন বন কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।