চন্দনাইশের ১০ এলডিপি নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আইনে করা একটি মামলায় চট্টগ্রামের চন্দনাইশে এলডিপির ১০ জন নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত বিচারিক হাকিম নুরুল ইসলামের আদালতে তাঁরা জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। গত ১৬ মে চন্দনাইশের সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় ভাঙচুর, অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় চন্দনাইশ থানার ওসি (তদন্ত) আবদুল হক বাদী হয়ে ওই ১০ জনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। ওই দিন ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে জেলে পাঠানোর প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তিরা ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখসহ এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়। গতকাল মামলার যে ১০ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, বরমা ইউনিয়ন এলডিপির সভাপতি মোসলেম উদ্দীন, বরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজ আহমদ, এলডিপির নেতা সিরাজুল ইসলাম, বদিউল আলম, আবুল বশর, আবুল মনছুর, সাইফুল ইসলাম, নরুল আলম ও মোহামঞ্চদ ইকবাল। মামলার তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. জিলহজ্ব বলেন, অধিকতর তদন্তের পর মামলার এজাহারভুক্ত ৩৫ জন আসামির মধ্যে ১৮ জনের নাম বাদ দেওয়া হয়। এরপর গত ২৪ মে নতুন করে আরও ১৯ জনের নাম অন্তর্ভুক্ত করে মোট ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ৩১ মে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।চন্দনাইশ থানার এসআই বলেন, আসামিদের মধ্যে ১০ জন গতকাল আগাম জামিন নিতে আদালতে হাজির হন। আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।