চন্দনাইশের ‘দানবীর’ বদরুল ফের আটক
চট্টগ্রামের চন্দনাইশের অনেক মানুষের কাছে ‘দানবীর’ হিসেবে পরিচিত চোরসর্দার বদরুল হক ওরফে নাছিরকে গতকাল সোমবার আবারও আটক করেছে পুলিশ। আটটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর নগরের লালদীঘিরপাড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এর আগে গত ৭ জুন পুলিশ চন্দনাইশ থেকে বদরুলকে গ্রেপ্তার করে।বদরুলের ভাষ্যমতে, চুরির টাকার একটি অংশ তিনি এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘দান’ করেন। এ জন্য নিজ এলাকা চন্দনাইশের ধোপাছড়ির অনেক মানুষের কাছে তিনি ‘দানবীর’ হিসেবে পরিচিত।কারাগার সূত্র জানায়, বদরুল প্রায় সাত মাস কারাগারে ছিলেন। গতকাল দুপুর সোয়া দুইটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তির কিছুক্ষণের মধ্যেই বদরুলকে আটক করা হয়। নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, ‘চুরি ও ডাকাতিসংক্রান্ত আটটি মামলায় বদরুল জামিন পান। গত রোববার সন্ধ্যায় জামিননামা আমাদের কাছে এসে পৌঁছায়। সব প্রক্রিয়া শেষ করে সোমবার তাঁকে মুক্তি দেওয়া হয়।’পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘বদরুলের বিরুদ্ধে নগরে অনেকগুলো বড় ধরনের চুরির অভিযোগ রয়েছে। বিভিন্ন মামলার তদন্তের স্বার্থে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’গতকাল কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বদরুল প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো ভালো মানুষের বাড়িঘরে বা ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি করি না। তবে বছরে দু-একটি দুর্নীতিবাজ প্রতিষ্ঠানে চুরি করি, যা দিয়ে আমার এলাকার উন্নয়ন ও কিছু এতিমের খাবারের টাকার জোগান দেওয়া সম্ভব হয়।’প্রসঙ্গত, গত ৩১ মে রাতে নগরের গোলপাহাড় এলাকায় একটি শিল্পগোষ্ঠীর কার্যালয় থেকে চোরেরা সাড়ে ২৩ লাখ টাকা চুরি করে। এ ঘটনার এক সপ্তাহ পর চন্দনাইশ থেকে বদরুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁর সহযোগী আরও চারজনকে গ্রেপ্তার এবং সোয়া ১২ লাখ টাকা উদ্ধার করে। তবে বদরুল ১৮ লাখ ৭০ হাজার টাকা চুরির কথা স্বীকার করেছেন।