চন্দনার খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে বিশ্রামরত চন্দনা। ছবিটি লেখক এ বছরের ৮ এপ্রিল তুলেছেন
মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে বিশ্রামরত চন্দনা। ছবিটি লেখক এ বছরের ৮ এপ্রিল তুলেছেন

কয়েক বছর ধরেই ওকে খুঁজছি বেইলি রোড থেকে রমনা পার্ক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পর্যন্ত এলাকায়। বেইলি রোডে ওর প্রিয় যত কাঠবাদামগাছ ছিল, সব তন্নতন্ন করে খুঁজেছি। কিন্তু দেখা পাইনি।
এভাবেই বছর খানেক কেটে গেল। গত ৮ এপ্রিল জাতীয় উদ্ভিদ উদ্যানে গেলাম প্রজাপতির ছবি তুলতে। প্রচণ্ড গরমের কারণে অল্প কিছু চেনাজানা প্রজাতি ছাড়া নতুন কোনো প্রজাপতির দেখা পেলাম না। গামারিগাছের কাছে গেলাম, যেখানে গত বছর ওকে দেখা গিয়েছিল। গাছের নিচে এসে দাঁড়াতেই হঠাৎ একটা চেনা ‘ক্রি-অ্যার-ক্রি-অ্যার’ ডাক কানে এল। প্রচণ্ড রোদের হাত থেকে বাঁচার জন্য ঘন সবুজ পাতার আড়ালে সবুজ পাখিটা চুপটি করে বসে ডাকছে। আমার মাথার ঠিক ওপরে বসা পাখিটার কয়েকটি ছবি তুলে ফেললাম। খানিকটা দূরে ওর সঙ্গীরও দেখা মিলল। অনেকটা সময় লাগলেও এই মহা বিপন্ন পাখির দেখা পেলাম।
সুন্দর এই পাখির নাম চন্দনা (Alexandrene Parakeet, Alexandrine Ring-necked Parakeet, Greater Rose-ringed Parakeet, Great-billed Parakeet, Large Parakeet, Large Indian Parakeet)। চন্দনা টিয়ে বা বড় টিয়ে নামেও পরিচিত। Psittacidae গোত্রের এই পাখির বৈজ্ঞানিক নাম Psittacula eupatria।
বাংলাদেশের সবচেয়ে বড় টিয়ে চন্দনার দৈর্ঘ্য ৫৩ সেন্টিমিটার, যার মধ্যে লেজই ২৯ সেন্টিমিটার এবং ওজন ২২০-২৫০ গ্রাম। দেহের মূল রং ঘাস-সবুজ। পুরুষ স্ত্রীর তুলনায় কিছুটা বড়। পুরুষের থুতনি কালো ও গলায় গোলাপি পাটল বর্ণের রিং রয়েছে। দেহের ওপরটা ঘাস-সবুজ, ডানার গোড়া আলতা-লাল, দেহের নিচ টিয়ে সবুজ, লেজের উপরিভাগ নীলচে ও তলা হলদে-সবুজ। এদের ঠোঁট লাল ও ঠোঁটের আগা কমলা লাল। চোখ লেমন-সবুজ, চোখের বাইরের দিকে সরু নীল বলয় ও চোখের পাতা কমলা-হলুদ। পা ও নখ ধূসর। অল্প বয়স্ক পাখি দেখতে অনেকটা স্ত্রী পাখির মতো।
চন্দনা এ দেশের বিরল আবাসিক পাখি। তবে বর্তমানে বাংলাদেশ এটি মহা বিপন্ন ও পুরো বিশ্বে প্রায় শঙ্কাগ্রস্ত প্রজাতি হিসেবে বিবেচিত। প্রধানত ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের ঘন প্রাকৃতিক বন-বাগানে দেখা যায়। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার প্রভৃতি দেশে বাস করে। কাঠবাদাম এদের সবচেয়ে পছন্দের খাবার। এ ছাড়া ফল, শস্যদানা, ফুলের অংশ, কুঁড়ি, ফুলের রস, সবজি ইত্যাদি খায়।
নভেম্বর থেকে এপ্রিল প্রজননকাল। এ সময় তুঁত, নারকেল এবং বিভিন্ন ধরনের নরম গাছের খোঁড়লে, কাঠঠোকরার পরিত্যক্ত বাসায় ৪-৬টি সাদা রঙের ডিম পাড়ে, যা ফোটে ২৩-২৭ দিনে। বাচ্চারা প্রায় সাত সপ্তাহে উড়তে শেখে। আয়ুষ্কাল সর্বোচ্চ ৪০ বছর। এরা অন্যান্য টিয়ের মতো মানুষের কথা নকল করতে পারে। পোষা পাখি হিসেবে এদের ব্যাপক চাহিদার কারণে বুনো পরিবেশে বিশ্বব্যাপী এদের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। তবে আশার কথা, বর্তমানে ঢাকা শহরে এদের সংখ্যা দিনে দিনে বাড়ছে।