শতবর্ষ পুরোনো চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ। হাসপাতালটিকে ধ্বংস করতে চাইলে প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাঙামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশন হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতালের পরিচালক প্রয়াত মং স্টিফেন চৌধুরীর নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, প্রয়াত স্টিফেন চৌধুরী তাঁর বাবা এস এম চৌধুরীর মৃত্যুর পর চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের পরিচালক হন। তারপর থেকে স্থানীয় কিছু স্বার্থান্বেষী হাসপাতালের কোটি কোটি টাকার সম্পদ আত্মসাতের ষড়যন্ত্র করছে। এতে বাংলাদেশ ব্যাপ্টিস্ট মিশন চার্চ সংঘেরও হাত রয়েছে। এসব স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের চাপে মং স্টিফেন চৌধুরী হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত বছরের ২৩ ডিসেম্বর ৫১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
তবে শোক সভায় উত্থাপিত অভিযোগ সম্পর্কে বাংলাদেশ ব্যাপ্টিস্ট মিশন চার্চ সংঘের সভাপতি জয়ন্ত অধিকারী মুঠোফোনে বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মিশন হাসপাতাল গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে।
চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদুল হকের সভাপতিত্বে নাগরিক শোক সভায় প্রয়াত মং স্টিফেন চৌধুরীর সহধর্মিণী সম্পা চৌধুরী বলেন, মৃত্যুর আগে তাঁর স্বামী বলেছিলেন চার্চ সভায় তাঁকে (স্টিফেন) অপমান করা হয়েছে। তখন হাসপাতালে থাকতে না পারার আশঙ্কা ব্যক্ত করে স্টিফেন বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করে নাম-ঠিকানাবিহীন প্রচারপত্র ছাপানো হয়েছে।’ সম্পা চৌধুরী তাঁর স্বামীর কবরের পাশে থাকার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়ে বলেন, ‘আমার এখন কিছুই নেই, কেউ নেই।’
প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পৃথিবীতে যেসব ব্যক্তি মানুষের সেবাদানের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, তাঁদের মধ্যে প্রয়াত মং স্টিফেন ও তাঁর স্বর্গীয় বাবা এস এম চৌধুরী অন্যতম। তাঁদের প্রচেষ্টায় এ হাসপাতাল পার্বত্য চট্টগ্রাম এবং রাঙ্গুনিয়াসহ আশপাশের মানুষের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক রঞ্জিত চাকমা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। একসময় বিদেশিরা এখানে গরিব লোকজনকে চিকিৎসা দিতেন। তাঁরা চলে যাওয়ার সময় এটি ছিল একটি কুঠির। কিন্তু একই প্রক্রিয়ায় সেবাদানের ব্যবস্থা অব্যাহত রেখে প্রয়াত এস এম চৌধুরী ও মং স্টিফেন চৌধুরী আধুনিক হাসপাতালে পরিণত করেছেন।’ কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, মং স্টিফেন চৌধুরীর কাছে পাহাড়ি-বাঙালি কোনো ভেদাভেদ ছিল না। রোগীদের সেবা দিয়েছেন অকাতরে।