চন্দ্রনাথ পাহাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে মদিন উল্লাহ (৫০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদিন উল্লাহর লাশ উদ্ধার করে। তিনি সীতাকুণ্ড পৌরসভার শেখনগর ওয়ার্ডের মৃত নুরুল আবছারের ছেলে।
গতকাল বৃহস্পতিবার পুলিশ মদিন উল্লাহর লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. বশির উদ্দিন প্রথম আলোকে বলেন, মদিন উল্লাহ পাহাড়ে নিজেরসহ অন্য বাগানমালিকদের বাগান পাহারা দিতেন। এ কারণে দীর্ঘদিন ধরে তিনি পাহাড়ে বসবাস করতেন। তিন দিন আগে তাঁর ছেলেরা থানায় গিয়ে তাঁকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানান। তবে কোনো সাধারণ ডায়েরি কিংবা লিখিত অভিযোগ করা হয়নি।
এর পর থেকে মদিন উল্লাহর ছেলেরা তাঁকে খোঁজাখুঁজি করতে থাকেন। বুধবার সন্ধ্যায় পাহাড়ের ধারে ছেলেরা তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তা উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, পাহাড়ের ওপর থেকে পড়ে গিয়ে মদিন উল্লাহর মৃত্যু হতে পারে।