চন্দ্রবানের কথা তবু থামে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তাঁর চন্দ্রবান বিবি (৬৫)। কিন্তু দেখতে তিনি চন্দ্রের মতো উজ্জ্বল নন, জীবনও তাঁর দুঃখ-কষ্টে ভরা। দিন কাটান ভিক্ষা করে। তাঁর জন্য চরম দুর্ভোগ নিয়ে এসেছে দীর্ঘস্থায়ী বন্যা।চন্দ্রবানের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের রুপিয়া গ্রামে। স্বামীর মৃত্যুর পর প্রায় ১৫ বছর ধরে ভিক্ষা করে সংসার চালাচ্ছেন চন্দ্রবান। দুই মেয়ের একজনকে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে আয়শাকে নিয়েই এখন তাঁর সংসার। চলমান বন্যার কারণে চন্দ্রবানের ভিক্ষাবৃত্তিও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বেঁচে থাকার তাগিদে এখন কোমরপানি ভেঙেও তাঁকে ছুটতে হয়। কিছু পেলে দিন শেষে মা-মেয়ের উদরে কিছু পড়ে। তা না হলে পানিই ভরসা! বন্যায় ধসে পড়েছে তাঁর মাথা গোঁজার ঠাই মাটির ঘরটিও। মেয়েকে নিয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশীর ঘরে।চন্দ্রবান বিবি বলেন, ‘চখুর সামনে মাইনষে রিলিফ লইয়া যায়। চাইয়া চাইয়া দেকি। মেম্বার-চেয়ারম্যানরে কইলে কইন বাড়িয়ে বাড়িয়ে লইয়া যাইব।’ তিনি আরও বলেন, ‘হুনছি কাপড়চোপড় আইছে। কোনতা তো পাইলাম না। মা-পুড়িয়ে ফারা কাপড় পিন্দিয়া দিন কাটাইরাম। বাইচ্চায় খাইলে আমার পেট ভরি যায়।’ বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা কোনোটিই পান না চন্দ্রবান। জনপ্রতিনিধিদের কথামতো তিনি দুবার ছবিও তুলে দিয়েছেন। কিন্তু ভাতা আর মিলছে না। দুঃসহ কষ্টের কথা এই প্রতিনিধিকে বলতে বলতে চন্দ্রবান বিবির দুই চোখে পানি চলে আসে। তবু যেন থামতে চায় না তাঁর কথা। কপাল চাপড়ে বলেন, ‘অউ কপালর কারণে আইজ আমার অউ অবস্থা। আমি হকরানি বেটির কথা কেউ হুনবনি। বড় মুখর কথা লইব হখলে।’ বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমদ গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সাধ্যমতো তাদের সাহায্য করছি।’ তিনি বলেন, ওই নারীর ব্যাপারে তিনি খোঁজ নেবেন এবং তাঁর জন্য ত্রাণের ব্যবস্থা করবেন।