চন্দ্রা-মির্জাপুর ছাড়া কোনো মহাসড়কে যানজট নেই: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো মহাসড়কেই যানজটের সমস্যা নেই। যত সমস্যা কালিয়াকৈরের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত।
আজ শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর এলাকায় কোনো যানজট দেখা যায়নি। সবচেয়ে বেশি যে মহাসড়কে যানজটের সমস্যা সেটা হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কিন্তু সেখানে যানজটের সমস্যা নেই। এ ছাড়া দেশের কোনো জায়গায় যানজটের সমস্যা নেই। যত সমস্যা কালিয়াকৈরের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত। চন্দ্রা এলাকার যানজট নিয়ন্ত্রণে আরও ১০০ কর্মীকে কাজ যোগ দিতে সড়ক ও জনপদের কর্মকর্তাদের নিদের্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘যানজটের জন্য শুধু পুলিশকে দোষ দিলে চলবে না। বেপরোয়া ড্রাইভার, তারা কোনো নিয়ম-কানুন মানে না। আজকে আমার সামনেও বেশ কয়েকটি গাড়ি বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে গত রাতেও তিন ঘণ্টা যানজট লেগে ছিল।’
এ সময় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরেফিন রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।