গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন৷ এর আগের দিন বুধবার সন্ধ্যায় ঢাকার দোহার উপজেলায় একটি বাসের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন৷ আহত হয়েছেন তাঁর স্বামী ও এক শিশুসন্তান৷
কালিয়াকৈরে নিহত সালামত আলী খান (৪৫) গাজীপুর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন৷ তাঁর বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাতুলিসাদী গ্রামে৷ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল ভোর থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন সালামত আলী৷ সকাল সোয়া সাতটার দিকে গাজীপুরের দিক থেকে সিমেন্ট নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৭৮৭১) টাঙ্গাইলের দিকে যাচ্ছিল৷ ট্রাকটি চন্দ্রা ত্রিমোড়ে পেঁৗছালে সালামত চালককে টাকা দেওয়ার ইশারা করেন৷ কিন্তু চালক ট্রাক না থামিয়ে সামনে যেতে থাকেন৷ এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সালামতের মৃত্যু হয়৷ সঙ্গে সঙ্গে ট্রাকের চালক আবদুস সামাদকে গ্রেপ্তার করে পুলিশ৷
কালিয়াকৈর থানাহাজতে চালক আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘চন্দ্রা ত্রিমোড় এলাকায় ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহনপ্রতি ১০০ টাকা চাঁদা আদায় করেন৷ সকালে ওই ট্রাফিক কনস্টেবল (সালামত) আমাকে চাঁদা দেওয়ার ইশারা করেন৷ আমি দেখেও না দেখার ভান করে গাড়ি চালাতে থাকি৷ কিছুক্ষণ পর দেখি কনস্টেবল গাড়ির চাকার নিচে পড়ে গেছে৷’
চন্দ্রা ত্রিমোড় এলাকার বাসিন্দা ইউনুছ আলী জানান, চন্দ্রা এলাকায় ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের বেশ কয়েকজন দায়িত্ব পালন করেন৷ কিন্তু তাঁরা যানজট নিরসনে কোনো কাজ করেন না৷ বিভিন্ন পরিবহন থেকে টাকা তোলায় ব্যস্ত থাকেন৷
পুলিশের চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক৷ তিনি জানান, কনস্টেবল সালামতের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে৷
দোহারে নিহত বিথী আক্তার (২২) নারিশা পশ্চিম চর গ্রামের মো. মিজান হোসেনের (২৫) স্ত্রী৷
স্থানীয় ও দোহার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মিজান, স্ত্রী ও চার বছরের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে জয়পাড়া যাচ্ছিলেন৷ কাজীর চর মোড়ে পেঁৗছালে সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত পাথরের টুকরায় মোটরসাইকেলের চাকা পিছলে তাঁরা রাস্তায় পড়ে যান৷ এ সময় ঢাকা থেকে আসা নগর পরিবহনের একটি বাসের চাপায় বিথীর মৃত্যু হয়৷
স্থানীয় লোকজন মিজান ও তাঁর সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং বাসসহ চালক জিল্লুর রহমানকে আটক করে৷
দোহার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, চালক জিল্লুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷