চন্দ্রায় বাস মালিকদের পিটিয়ে আড়াই লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় আজমেরী পরিবহন নামের একটি বাস কোম্পানির দুই মালিককে মারধর করে দুই লাখ ৫২ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী জসিম উদ্দিন (৩০), আনিচুর ইসলাম (৩২), ইরাত (৩৫), বাদল (৪৩) ও শ্রমিক লীগের কর্মী আবদুল মান্নানসহ (৪০) আরও কয়েকজনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। আজমেরী পরিবহনের কর্মকর্তারা জানান, চন্দ্রা থেকে ঢাকা রুটে তাঁদের ৩০টির বেশি বাস চলাচল করে। গত সোমবার চন্দ্রা এলাকায় তাঁদের প্রধান কাউন্টারে ১৪-১৫ জনের একদল লোক ক্ষমতাসীন দলের নেতা-কর্মী পরিচয় দিয়ে পরিবহনের মালিক আমিনুল ইসলামের (নির্বাহী পরিচালক) কাছে প্রতিদিন বাসপ্রতি ২০ টাকা হারে চাঁদা দাবি করে চলে যায়। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে স্বেচ্ছাসেবক লীগের কর্মী জসিম উদ্দিন, আনিচ, মান্নান, ইরাত ও বাদলের নেতৃত্বে ১৪-১৫ জন ওই কাউন্টারে এসে দাবি করা চাঁদার টাকা চায়। মালিক আমিনুল ইসলাম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমিনুল ইসলাম ও অপর মালিক আবদুল হামিদকে (পরিচালক) জোর করে পার্শ্ববর্তী বঙ্গবন্ধু কলেজের মাঠে নিয়ে মারধর করে আহত করে। এ সময় দুর্বৃত্তরা মালিকদের কাছে থাকা সারা দিনের বিভিন্ন বাস থেকে সংগ্রহ করা দুই লাখ ৫২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আমিনুল ইসলাম গতকাল এ ঘটনায় মামলা করেন। কালিয়াকৈর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম জানান, আবদুল মান্নান বাদে অপর আসামিরা স্বেচ্ছাসেবক লীগের কর্মী। তিনি দাবি করেন, তাঁর দলের কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না। বিষয়টির সত্যতা পাওয়া গেলে সংগঠনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রথম আলোকে জানান। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রশিদ অভিযুক্ত ব্যক্তিদের চেনেন না বলে জানান। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।