চন্দ্রিমা উদ্যানের লেকে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
জাতীয় সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানের লেকে ডুবে নাহিদুল ইসলাম (১৫) নামের এক কিশোর মারা গেছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে লেক থেকে নাহিদকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নাহিদ তেজগাঁও কমিউনিটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম জামালউদ্দিন। তেজগাঁওয়ে উত্তর বেগুনবাড়ির ১৩ গলিতে তাদের বাসা।
সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা মালেক মোল্লা জানান, চন্দ্রিমা লেকে দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ব্রিজের নিচে নাহিদ ডুবে যায়। খবর পেয়ে ডুবুরি দল পানির নিচ থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে। উদ্ধারের পর শেরেবাংলা নগর থানা থেকে নাহিদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, বন্ধু মনিরের সঙ্গে নাহিদ গোসল করতে লেকে নেমেছিল। তবে দুজনের কেউই সাঁতার জানত না। মনির উঠতে পারলেও নাহিদ ডুবে যায়।