চবি শিক্ষার্থী হত্যা মামলায় ১০ আসামি খালাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম ফারুক হত্যা মামলার রায়ে যুবলীগের নেতা মুসলিম উদ্দিন খান ওরফে জয়নালসহ ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। মুসলিম উদ্দিন খান রাউজান উপজেলা যুবলীগের সভাপতি। আদালত সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাঁদের বেখসুর খালাস দেওয়া হয়। চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দীনমণি দে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত সবাইকে খালাস দিয়েছেন।’ আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৪ আগস্ট রাতে ভগ্নিপতি মুসলিম উদ্দিন খানের বাড়িতে সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের ছাত্র ফারুককে হত্যা করেন। মুসলিম উদ্দিন খান ফারুকের ভগ্নিপতি। ঘটনার পরদিন মুসলিম উদ্দিন খান বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাউজান থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা এ মামলার তদন্ত শেষে বাদী মুসলিম উদ্দিন খানসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে অভিযোগপত্রভুক্ত ১৩ জন আসামির মধ্যে রাউজানের শীর্ষ সন্ত্রাসী জানে আলম, আমিন ও গিয়াসউদ্দীন র্যাবের ক্রসফায়ারে মারা যান। ২০০৬ সালে বাকি ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।