চবিতে নিয়োগ-বাণিজ্যের ফোনালাপ ফাঁস, ২ জন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁসের ঘটনায় উপাচার্যের ব্যক্তিগত সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া হিসাব নিয়ামক দপ্তরের একজন কর্মচারীকেও একই শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান প্রথম আলোকে বলেন, ফোনালাপ ফাঁসের ঘটনায় দুজনকে কারণ দর্শাতে বলা হয়েছিল। তাঁরা উত্তর দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফোনালাপ ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অর্থ লেনদেন নিয়ে পাঁচটি ফোনালাপ ফাঁস হয়। এসব ফোনালাপ ছিল উপাচার্য শিরীণ আখতারের ব্যক্তিগত সহকারী খালেদ মিছবাহুল ও হিসাব নিয়ামক দপ্তরের কর্মচারী আহমদ হোসেনের সঙ্গে দুজন নিয়োগ প্রার্থীর। খালেদ মিছবাহুল উপপরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বেও ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে, ফোনালাপ ফাঁসের পর খালেদ মিছবাহুলকে উপাচার্যের ব্যক্তিগত সহকারীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে খালেদ মিছবাহুল প্রথম আলোকে বলেন, তাঁকে সরানো হয়নি। তিনি ৩ মার্চ পর্যন্ত ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

এসব বিতর্কের মধ্যেই ৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের আট বিভাগে ২৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে পরদিনই প্রথম আলোতে ‘বিতর্কের মধ্যেই ২৪ শিক্ষক নিয়োগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

ফাঁস হওয়া ফোনালাপে যা ছিল

ফোনালাপে আহমদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগে শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী এক প্রার্থীকে বলেন, ‘তৃতীয় শ্রেণির একটা চাকরির জন্য এখন ১০ থেকে ১২ লাখ টাকা লাগে। চতুর্থ শ্রেণির চাকরির জন্য লাগে আট লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলো সর্বোচ্চ সম্মানিত পদ। এখানে ১৬ লাখের কম দিলে হবে না।’

আহমদ হোসেন আরও বলেন, ‘ম্যাডাম (উপাচার্য) যদি রাজি হন, তাহলে আপনি অর্ধেক পেমেন্ট করবেন এবং পেমেন্ট যে করছেন, সেটার একটা চেক অথবা ডকুমেন্ট দিতে হবে। কিন্তু ম্যাডাম যদি ‘‘না’’ বলেন, তাহলে প্রধানমন্ত্রীও যদি ব্যক্তিগতভাবে সুপারিশ করেন, কোনো কাজ হবে না। এটাই শেষ কথা। কারণ, ম্যাডাম নিজেও তো আসছেন অনেক টাকা খরচ করে। এখন আপনার যদি সম্মতি থাকে এবং ম্যাডাম যদি রাজি হন, তাহলে একটা কন্ট্রাক্ট (চুক্তি) করা যায়।’

উপাচার্যের ব্যক্তিগত সহকারী খালেদ মিছবাহুল নিয়োগপ্রার্থীকে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসিয়ে দিতে চেয়েছিলেন। তিনি প্রার্থীকে বলেছিলেন, ‘তুমি চট্টগ্রামের মানুষ বলেই তোমাকে আমি টান দিলাম। উপাচার্যকে তোমার কথা বলব। তিনি যেভাবে বলবেন, সেভাবে হবে।’

আরও পড়ুন