চবিতে শিক্ষক বরখাস্ত, আধা ঘণ্টায় প্রত্যাহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ জারির আধা ঘণ্টা পর সেই আদেশ তুলে নিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বরখাস্ত নিয়ে নাটকীয়তার এ ঘটনা ঘটে।
চার বছর আগের পরীক্ষায় অনিয়মের অভিযোগে আজ বেলা দেড়টায় সংস্কৃত বিভাগের সভাপতি সুপ্তিকণা মজুমদার ও সহকারী অধ্যাপক শিপক কৃষ্ণ দেবনাথকে সাময়িক বরখাস্তের বিষয়ে আদেশ জারি করা হয়। আদেশে বলা হয় ‘পরীক্ষার কাজে অনিয়মের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রদত্ত প্রতিবেদন ও ৫১৬তম সিন্ডিকেট সভার ৮ নম্বর সিদ্ধান্ত অনুসারে উপাচার্যের প্রদত্ত ক্ষমতাবলে সংস্কৃত বিভাগের দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খল) সংবিধির ১৫ (বি) ধারা অনুসারে এই বরখাস্তের আদেশ দেওয়া হলো’। কিন্তু বেলা দুইটায় এ আদেশ তুলে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ প্রথম আলোকে বলেন, দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে মনে করেছে, এ আদেশ তুলে নেওয়া দরকার। তাই তুলে নেওয়া হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য আরেকটি কমিটি গঠন করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রশ্নের শিরোনাম পরিবর্তন, উত্তরপত্র সংযোজন, প্রশ্ন পরিবর্তন এবং স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সুপ্তিকণা মজুমদারের বিরুদ্ধে ২০১৪ সালে অভিযোগ করেছিলেন একই বিভাগের শিক্ষক লিটন মিত্র। তৃতীয় বর্ষের ৩০৮ নম্বর কোর্সের পরীক্ষায় এ শিক্ষক অনিয়ম করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তদন্তে শিপক কৃষ্ণ দেবনাথের জড়িত থাকার প্রমাণও পায়। দুই মাস আগে কমিটি তাঁদের প্রতিবেদন দেয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই শিক্ষক। সুপ্তিকণা মজুমদার ও শিপক কৃষ্ণ দেবনাথ প্রথম আলোকে বলেন, তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
আদেশ তুলে নেওয়া নিয়ে সমালোচনা
তদন্ত কমিটির প্রধান উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম আবদুল গফুর প্রথম আলোকে বলেন, সব তথ্য প্রমাণের ওপর ভিত্তি করেই প্রতিবেদন দেওয়া হয়েছিল। সিন্ডিকেট সভা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সিদ্ধান্ত উপাচার্যকে পুরোপুরি মানতে হবে। কোনো সিদ্ধান্ত যদি পরিবর্তন করতে হয়, তাহলে আরেকটি সিন্ডিকেট সভায় সেটি আলোচনা করতে হবে।