চবির শাটল ট্রেনে ছাত্রীকে ‘যৌন নিপীড়নে’ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাটল ট্রেনে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় বাবুল হোসেন নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালের এ ঘটনায় এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

মো. বাবুল হোসেন (৪৫) নামের ওই ব্যক্তি সিলেটের বিয়ানীবাজারের কালাইউড়ার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

ভুক্তভোগী ছাত্রী মামলায় ঘটনা সম্পর্কে লিখেছেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য সকাল সাতটার কিছুক্ষণ আগে তিনি চট্টগ্রাম রেলস্টেশনে এসে ১ নম্বর প্ল্যাটফর্মে থাকা শাটল ট্রেনের দ্বিতীয় বগিতে ওঠেন। এ সময় ওই বগিতে সামনের দরজার কাছাকাছি দুজন বহিরাগত ঘুমাচ্ছিলেন আর আরেকজন বগিতে হাঁটাহাঁটি করছিলেন। ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি এক সহপাঠীকে ফোন করেন। পরে ৯৯৯–এ ফোন করেও সংযোগ পাননি। এ সময় বগিতে হাঁটাহাঁটি করা ব্যক্তি তাঁর মুখ চেপে ধরে শরীরে হাত দেন।

এ সময় আত্মরক্ষার্থে ওই ব্যক্তিকে লাথি মারেন জানিয়ে ওই ছাত্রী লিখেছেন, ‘তখন লোকটি আমার মুখ থেকে হাত সরিয়ে নেয় এবং আমি চিৎকার করি। তখনই লোকটি বগি থেকে পালিয়ে যায়।’ এ সময় ওই ছাত্রীর চিৎকারে ঘুমন্ত দুই ব্যক্তি জেগে উঠে ওই লোককে ধরতে যান। তখন আশপাশের লোকজন এসে প্ল্যাটফর্ম থেকে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। এরপর তাঁকে রেলওয়ে থানায় নেওয়া হয়।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বাবুল হোসেনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রী। এখন তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য নির্দিষ্ট কিছু ট্রেন রয়েছে, যেগুলো শাটল ট্রেন হিসেবে পরিচিত। এর আগে গত ১৪ এপ্রিলও এই ট্রেনে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।