চমক লাগানো পাটের পণ্য

‘কী হয় না পাটে! শাড়ি থেকে জুতা, জানালার পর্দা—সবই তো দেখি পাটের। এখানে না আসলে বিশ্বাসই করতাম না।’ কথাগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুনতাহা রহমানের। বহুমুখী পাটপণ্য মেলায় এসে উচ্ছ্বসিত তিনি। পাটের ব্যাগ, জুতা কিনেছেন বোন আর মায়ের জন্য।
জাতীয় পাট দিবস উদ্যাপনের অংশ হিসেবে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে চলছে বহুমুখী পাটপণ্য মেলা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) আয়োজনে গত বৃহস্পতিবার এই মেলা শুরু হয়। সোনালি আঁশে তৈরি ১৩৫ ধরনের পণ্য উপস্থাপন করা হয়েছে এতে।
মেলায় ঢুকতেই পাট আর পাটপণ্যের বিশেষ অন্দরসজ্জা নজর কাড়ে। প্রথমেই জেডিপিসির কেন্দ্রীয় প্রদর্শনী। শোবার ঘরের আদলে সাজানো হয়েছে একটা অংশ। ঘরের সোফা, পর্দা, বিছানার চাদর, বালিশের কভার, ফ্লোর ম্যাট, ল্যাম্পশেড—সবই পাটের। শোবার ঘরে পাটের মোড়ায় বসানো পুতুলের গায়েও পাটের শাড়ি। ঘরের দেয়ালও পাটের আবরণে ঢাকা। প্রদর্শনী অংশের পর স্টলগুলো পরপর সাজানো।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জেডিপিসির নির্বাহী পরিচালক নাসিমা বেগম বলেন, এবারের মেলায় ৯০টি স্টল জায়গা পেয়েছে। পাটপণ্য নিয়ে দর্শনার্থীদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। মেলাও তাই দুই দিন বাড়ানো হয়েছে। কাল সোমবার পর্যন্ত মেলা চলবে।
স্টলের সারিতে শুরুর দিকে আছে সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পাটের নানা রঙের বস্ত্রের নমুনা, ব্যাগ, জুতা, শাড়ি, পাঞ্জাবি দিয়ে স্টলটি সাজানো। তবে পণ্যগুলো বিক্রির জন্য নয়। স্টলে রাখা একটি পাটের সুতার জামদানি শাড়ি ঘিরে দর্শনার্থীদের বিপুল আগ্রহ চোখে পড়ে। কথা হয় শাড়ির ডিজাইনার শ্বেততাজ জাহানের সঙ্গেও। বললেন, জামদানি শাড়িটির প্রায় ৮০ শতাংশই পাটের। তাঁর কথায়, ‘পাটও আমার, জামদানিও আমার। তাই এই দুইটাকে এক করতে চেয়েছি।’ তাঁদের প্রতিষ্ঠানের বড় বাজার ইউরোপে, দেশের বাইরে বস্ত্র হিসেবে পাট-জামদানির বাজার তৈরির চেষ্টা করছেন তাঁরা। রেনু হ্যান্ডিক্রাফটসে ছিল পাটের আসবাব-সোফা। ঘর সাজানোর নানা উপকরণ নিয়ে এসেছে ক্রিয়েশন লিমিটেড। বেকি সেন্টারের স্টলে পাটের জুতা-স্যান্ডেল কিনতে দর্শনার্থীরা ভিড় করছিলেন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তাহমিদুল ইসলাম বলেন, পাটকে কেন্দ্র করে তাঁদের প্রায় দেড় শ বছরের পারিবারিক ব্যবসা। পাট দিয়ে নতুন কিছু করার চিন্তা থেকে জুতা তৈরি করছেন।
দুই সন্তানকে সঙ্গে নিয়ে মেলায় এসেছিলেন মিরপুরের সায়েম আনোয়ার। বললেন, আয়োজন সুন্দর। দামও হাতের নাগালে।