স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের চিকিৎসা সহায়তা এবং এ রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সঙ্গে থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে ব্যাংকক হাসপাতালে প্রশিক্ষণের জন্য যেতে পারবেন চমেক হাসপাতালের চিকিৎসকেরা। একইভাবে ব্যাংকক হসপিটালের চিকিৎসকেরাও চমেক হাসপাতালে আসবেন।
গতকাল রোববার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন এবং ব্যাংকক হসপিটালের পক্ষে ড. সুপাকর্ন রোজানানিন ও ড. নীলাঞ্জন সেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা স্মারক সইয়ের আগে সংবাদ সম্মেলনে ব্যাংকক হসপিটালের জ্যেষ্ঠ চিকিৎসা সমন্বয়কারী মোহাম্মদ তানভীর হাবিব জানান, ‘স্তন ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা’ প্রকল্পের আওতায় প্রাথমিক অবস্থায় স্তন ক্যানসার শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা দেওয়ার কাজ করা হবে। এর অংশ হিসেবে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্সকে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে।
এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকক হসপিটাল আমাদের হাসপাতালে আসা ক্যানসার রোগীদের চিকিৎসা সহায়তা দেবে। তারা শিগগির আমাদের এখান থেকে চারজন চিকিৎসককে প্রশিক্ষণের জন্য নিয়ে যাবে। এ ছাড়া এই কাজের জন্য তারা আমাদের হাসপাতালে তাদের কিছুসংখ্যক চিকিৎসক নিয়োগ দেবে। প্রাথমিকভাবে এক বছরের জন্য এই চুক্তি হয়েছে।’