চম্পা বেগমের পাশে মহিলা পরিষদ

পেট্রল বোমায় নিহত নূরে আলমের স্ত্রী চম্পা বেগমের দিকে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল মঙ্গলবার পরিষদের কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ কমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পেচাইন গ্রামে চম্পা বেগমের হাতে ১০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন।
আজ বুধবার মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৫ জুলাই প্রথম আলো পত্রিকায় ‘পাঁচ মাসেও সহায়তা পাননি চম্পা বেগম’ শিরোনামে প্রকাশিত সংবাদ ও মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার মাধ্যমে পরিবারটি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়। ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৩ জানুয়ারি, রাজধানীর গুলিস্তান থেকে একটি যাত্রীবাহী বাস নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাতে পেট্রল বোমা ছুড়ে মারে। এতে অন্যান্যদের সঙ্গে সোনারগাঁ উপজেলার পেচাইন গ্রামের নির্মাণকাজের সহঠিকাদার নূরে আলমের শরীরের ৪৮ ভাগ পুড়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি তিনি মারা যান। প্রধানমন্ত্রী পেট্রলবোমায় আহত ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের ১১ ফেব্রুয়ারি ১০ লাখ টাকা করে স্থায়ী আমানতের চেক হস্তান্তর করেন। ১৫ এপ্রিল নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চম্পা বেগম আর্থিক সহায়তা চেয়ে একটি চিঠি দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা চম্পা বেগমকে ডেকে নিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দেন। কিন্তু চম্পা বেগম এখন পর্যন্ত আর্থিক সহায়তা পাননি। বর্তমানে চম্পা বেগম ও তাঁর পালিত কন্যা মীম মানবেতর জীবন-যাপন করছেন।
বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্টদের আর্থিক সাহায্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। বিষয়টিতে প্রধানমন্ত্রীর যাতে দৃষ্টি দেন সে আহ্বানও জানানো হয়েছে।
চম্পা বেগমের হাতে অনুদান দেওয়ার সময় মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি লীলা চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু, নারায়ণগঞ্জ জেলা শাখার লিগ্যাল এইড উপ-পরিষদ সম্পাদক শাহানারা বেগম, লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি পরিচালক মাকছুদা আখতার এবং আইনজীবী দীপ্তি রানী সিকদার উপস্থিত ছিলেন।