চম্পা হত্যা মামলা দ্রুত বিচার আদালতে
ফরিদপুরের চাঞ্চল্যকর জাকিয়া আক্তার ওরফে চম্পা হত্যার মামলা গত সোমবার ঢাকার দ্রুত বিচার আদালত-৪-এ স্থানান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এস এম রফিকুল ইসলাম বলেন, দ্রুতবিচার আদালত-৪-এর বিচারক এ বি এম নিজামুল হকের আদালতে এখন পর্যন্ত শুনানির তারিখ নির্ধারণ করা হয়নি।
এর আগে এ হত্যা মামলাটি ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে বিচারাধীন ছিল। ওই আদালতের কৌঁসুলি বাবু মোল্লা জানান, মামলায় এজাহারভুক্ত পাঁচজন আসামি। প্রধান আসামি রাজবাড়ী সদরের মূলঘর ইউনিয়নের সাইবাড়িয়া গ্রামের শামীম মণ্ডল (২৪), রাজবাড়ী সদরের কোলাহাট মহল্লার জাহিদ হাসান (২৪) ও ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের মৌসুমী বেগম (২০) বর্তমানে হাইকোর্টের আদেশে জামিনে রয়েছেন। মামলার অন্য আসামিদের মধ্যে কানাইপুরের উলুকান্দা গ্রামের বাবু মাতুব্বর (২২) জেলহাজতে ও অপর আসামি রাজবাড়ীর সাইবাড়িয়া গ্রামের আকাশ মণ্ডল (২৪) পলাতক আছেন।
২০১২ সালের ১৩ ডিসেম্বর ফরিদপুর সদরের কাশিমাবাদ গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী জাকিয়া আক্তারের মৃতদেহ বাড়ির পাশে একটি বাঁশঝাড় থেকে গলায় রশি বাঁধা ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ১৫ ডিসেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চের সাধারণ সম্পাদক আসমা আক্তার বলেন, শুরু থেকেই মামলাটি ফরিদপুরে ব্যাপক আলোড়ন তোলে। ময়নাতদন্তের প্রতিবেদনে আপত্তি দেওয়ায় দুবার জাকিয়ার মৃতদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়।