চর আনন্দ গ্রাম এখন আনন্দহীন
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের দুই হাজার পরিবারের মানুষের মনে এখন আর কোনো আনন্দ নেই। এক জোতদারের লোকজন প্রায় প্রতিদিন সেখানকার কৃষক পরিবারের সম্পদ লুটপাট ও চাঁদাবাজি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।গ্রামের বাসিন্দা বিবি ফাতেমা বলেন, ‘গত বিস্যুতবার (বৃহস্পতিবার) রাইত ১০টায় সন্ত্রাসীরা আমার ছোড পোলা মাকসুদরে অপহরণ করছে। মাইয়াগোর ওপর নির্যাতন চালাইছে। যাওনেরসুম গোয়ালের আটটা গরু লইয়্যা গেছে।’পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজ বলেন, ‘সিরাজুল ইসলাম বাইন্যার বাহিনী তিন বছরে চর আনন্দ গ্রামে কমপক্ষে ৩৫টি ধর্ষণসহ অসংখ্য নারীর শ্লীলতাহানি করেছে।’গত রোববার চর আনন্দ গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাড়ির ভিটাটুকু পর্যন্ত নেই। আবার কোনো কোনো ঘরে চাল ও বেড়া নেই। ভাঙা গোয়াল ও খোঁয়াড় শূন্য পড়ে আছে। কলা, পেঁপে, সুপারির বাগানসহ ৩০-৪০ বছরের পুরোনো গাছ কেটে নেওয়া হয়েছে।গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভোলা পৌর শহরের বাসিন্দা আবু তাহের উকিলকে জমির মালিক জেনে তাঁরা তাঁকে টাকা দিয়ে চর আনন্দ গ্রামে ৪০-৪৫ বছর ধরে বসবাস করছেন। উকিল এখন পর্যন্ত তাঁদের ওই জমির দলিল দেননি। কিন্তু তিন বছর ধরে পূর্ব ইলিশার নাগর মিয়া গ্রামের সিরাজুল ইসলাম বাইন্যা ওই জমির মালিকানা দাবি করে তাঁদের উৎখাত করছেন। ২০১০ সালের নভেম্বর থেকে বাইন্যা বাহিনী এই গ্রামে হামলা শুরু করে। গত রোববার পর্যন্ত ২২০টি পরিবারকে জমি থেকে উৎখাত করেছে ওই বাহিনী।গ্রামবাসীর দাবি, গত এক সপ্তাহে বাইন্যা বাহিনীর লোকজন ৩৬টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। তারা ঘর লুটপাটের সঙ্গে নারীর সম্ভ্রমও লুট করছে।এদিকে সিরাজুল ইসলাম বাইন্যার সমর্থকেরা দাবি করেন, তাহের উকিল যে জমি দখল করে আছেন, সেই জমি তাঁদের ২০০ পরিবারের। ওই জমি উদ্ধার করার জন্য সিরাজুল ইসলাম বাইন্যাকে নেতা বানিয়েছেন। কিন্তু তিনি এখনো জমি উদ্ধার করতে পারেননি।আবু তাহের উকিল বলেন, ‘আমরা ১৯৪৫-৪৬ সালে জমিদার রাধা-মাধব পালের কাছ থেকে বন্দোবস্তমূলে চর আনন্দ গ্রামের প্রায় এক হাজার ৪০০ একর জমির মালিক। এ জমি নিয়ে সরকারের সঙ্গে আমাদের চারটি মামলা চলছে। আমরা যাদের কাছে জমি বিক্রি করেছি, রায় পেলেই তাদের দলিল বুঝিয়ে দেব।’সিরাজুল ইসলাম বাইন্যা বলেন, ‘চর আনন্দ গ্রামটি রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুরের অংশ। সেখানকার ৯০০ একর জমি আমাদের পূর্বপুরুষেরা জমিদার রাধা-মাধব পালের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছেন। আমাদের কাগজপত্র আছে। তাহের উকিল লোকজন নিয়ে ওই জমি পূর্ব ইলিশার বলে দখল করে রেখেছেন। আমরা ওই জমি উদ্ধারের চেষ্টা করছি এবং ভূমিহীনদের কাছ থেকে জমির ভাড়া চাচ্ছি।’ভোলার পুলিশ সুপার বশির আহাম্মদ বলেন, ‘সরকারি জমি দাবি করছেন দুই জোতদার। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় একেকবার একেক দল গরিব কৃষকদের ওপর হামলা-নির্যাতন চালাচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।’জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, জমির মালিকানা নির্ধারণ করবেন আদালত, আর নিরাপত্তা দেবে পুলিশ।