চরাঞ্চলের মানুষের উন্নয়নে জাতীয় বাজেটে ৫০ কোটি টাকা বরাদ্দ হলেও তা খরচ হয় না। কোন মন্ত্রণালয়ের অধীনে এই বরাদ্দের টাকা খরচ হবে, অর্থ মন্ত্রণালয় তা ঠিক করতে না পারায় পুরো টাকাই ফেরত যায়।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘উন্নয়ন সমন্বয়’ আয়োজিত ও ন্যাশনাল চর অ্যালায়েন্সের সহযোগিতায় চর কনভেনশন প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানে বাংলাদেশের চরগুলোর উন্নয়নে ১৪ দফা প্রস্তাবনাও পেশ করা হয়।
শাহরিয়ার আলম অনুষ্ঠানের সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদকে উদ্ধৃত করে বলেন, ‘স্যার আমাকে জানিয়েছেন, চরাঞ্চলের উন্নয়নের জন্য সরকার গত বছর ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। কিন্তু এর একটি টাকাও খরচ হয়নি। এটা খুবই অবাক করা, দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক একটি তথ্য। স্যার আমাকে বললেন, এটি না করার কারণ, অর্থ মন্ত্রণালয় নাকি ভেবে উঠতে পারেনি কোন মন্ত্রণালয় এটি খরচ করবে। এই হলো সমস্যা।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ‘গত কয়েক বছরে টাকার অঙ্কে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে। কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য খাতে চর, হাওর-বাঁওড় এলাকায় বিশেষ বরাদ্দ দিতে হবে, নজর দিতে হবে। তা না হলে আমরা যেভাবে এগোচ্ছি, তারা সেভাবে এগোতে পারবে না।’
অনুষ্ঠানে চরাঞ্চলের মানুষের স্থায়ী জীবিকায়ন, বৈষম্যহীন সমাজ এবং মর্যাদাপূর্ণ জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে ১৪ দফা প্রস্তাবনা দেয় ন্যাশনাল চর অ্যালায়েন্স।
ন্যাশনাল চর অ্যালায়েন্সের সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অক্সফাম ইন বাংলাদেশের এদেশীয় প্রতিনিধি স্নেহাল ভি সোনেজি, কেয়ার বাংলাদেশের এদেশীয় প্রতিনিধি জেমি তেরজি, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের এদেশীয় প্রতিনিধি এ কে এম মুসা প্রমুখ।