
বরিশাল সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের চর কাউয়া মাতৃ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অস্থায়ী পুলিশ ক্যাম্প সরিয়ে নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেন। একই সঙ্গে ওই বিদ্যালয় থেকে অস্থায়ী পুলিশ ক্যাম্প সরিয়ে নেওয়ার যথাযথ পদক্ষেপ ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বরিশাল মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। আর স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও চর কাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘বিদ্যালয়ে পুলিশ ক্যাম্প, মাঠে ক্লাস’ শিরোনামে গতকাল বুধবার ‘প্রথম আলো’য় প্রতিবেদন ছাপা হয়। এটা বিবেচনায় নিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।
পরে বিশ্বজিত্ রায় প্রথম আলো ডটকমকে বলেন, আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। একই সঙ্গে অস্থায়ী ওই ক্যাম্প সরিয়ে নেওয়ার পদক্ষেপ ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। শুনানির জন্য ২৫ নভেম্বর বিষয়টি তালিকায় আসবে।