পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে বরিশালের চর কাউয়া ইউনিয়নে হিন্দু পাড়ায় অগ্নিসংযোগের মতো ঘটনা নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু সে উদ্যোগ ছিল না।
চর কাউয়া পরিদর্শন শেষে একটি নাগরিক প্রতিনিধিদল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষণ জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে।
এদিকে ঘটনার পর চর কাউয়া মাতৃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা অস্থায়ী পুলিশ ক্যাম্প সরিয়ে নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই ক্যাম্পের কারণে শিক্ষার্থীদের মাঠে ক্লাস করতে হয়েছে। অবশ্য প্রথম আলোয় এই খবর প্রকাশের পর পুলিশ দিনের বেলায় স্কুল চলাকালে মাঠে তাঁবু টানিয়ে কার্যক্রম চালানো শুরু করে।
১৯ নভেম্বর আট সদস্যের একটি প্রতিনিধিদল চর কাউয়ার ঘটনাস্থল পরিদর্শন করে। এতে ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য বলেন, রাষ্ট্র এত দুর্বল নয় যে দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে পারবে না। কিন্তু সদিচ্ছার অভাবেই নিপীড়নের বিচার হয়নি। লিখিত বক্তব্য পড়েন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্যসচিব নুর মোহাম্মদ তালুকদার।