বরিশালের চর কাউয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা থেকে আসা নাগরিক প্রতিনিধিদল। তাঁরা বলছেন, খুনের ঘটনার পরদিন সবাইকে সংগঠিত করে দিনের বেলায় হামলা হয়েছে। পুলিশ এই ঘটনা থামানোর কোনো চেষ্টাই করেনি। অথচ পুলিশ সামান্য ভূমিকা নিলেই ১৫টি হিন্দুবাড়িঘর লুটপাট ও ভস্মিভূত হওয়ার ঘটনা ঘটতো না।
অন্যদিকে মহানগর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের নাগরিক সমাজও। তাঁরা বলছেন, বরিশালের পরিস্থিতি ঠিক রাখতে হলে বর্তমান পুলিশ কমিশনারকে এখান থেকে সরাতে হবে। কারণ তাঁর বিতর্কিত ভূমিকার কারণেই বরিশালে একের পর এক সংকট তৈরি হচ্ছে। এর আগে কালীখোলা গ্রামের বাসিন্দারাও একই অভিযোগ করেছেন। তবে পুলিশ এসব অভিযোগকে ভিত্তিহীন বলেছে।
এদিকে পারভেজ গাজী খুন ও বাড়িঘরে আগুন দেওয়ার কোনো ঘটনায়ই নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি। তবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলছেন, দুটো ঘটনারই তদন্ত চলছে।
বরিশালে নাগরিক প্রতিনিধিদল
চর কাউয়ার ঘটনা সরেজমিনে পরিদর্শন করতে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাসের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল আজ মঙ্গলবার সকালে বরিশালে পৌঁছান। সকাল সাড়ে নয়টায় তাঁরা নিহত সেলিম গাজীর বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে তাঁরা কালীখোলা গ্রামে গিয়ে পুড়ে যাওয়া হিন্দুবাড়িঘরগুলো পরিদর্শন করেন এবং স্থানীয় হিন্দু-মুসলমান সবার সঙ্গে কথা বলেন।
প্রতিনিধিদলে আরো ছিলেন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলী, বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, সাংবাদিক সেলিম সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রকৌশলী সরদার আমিন, চলচ্চিত্রকার রাশেদ নাঈম ও আদিবাসী নেতা দীপায়ন খীসা।
মতবিনিময়
ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিনিধিদল দুপুরে বরিশালে রিপোর্টার্স ইউনিটিতে স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় বিমল বিশ্বাস বলেন, ‘কেবল খেলাকে কেন্দ্র করে খুনের ঘটনা নয়। এর পেছনে কি কারণ আছে সেটি খুঁজে বের করা উচিত। কিন্তু খুনের ঘটনার পর যেভাবে হিন্দু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটা বর্বরতা ছাড়া আর কিছুই নয়। কিন্তু প্রশ্ন হলো বৃহষ্পতিবারের ঘটনার পর শুক্রবার যখন আগুন লাগনো হলো তখন পুলিশ কি করছিলো? পুলিশ যথাসময়ে ব্যবস্থা নিলেই বাড়িঘর পোড়ানোর ঘটনা ঘটতো না। কাজেই তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ।’
নূর মোহাম্মদ তালুকদার বলেন, ‘আমরা সেখানে গিয়ে শুনেছি পুলিশ গ্রেপ্তার বাণিজ্য করছে। লোকজন আতঙ্কে আছে। ঘটনার সঙ্গে যারা জড়িত আমরা শুধু তাদেরই গ্রেপ্তার দাবি করছি। অযথা যেন কাউকে হয়রানি না করা হয়।’
দেশের সংখ্যালুদের বিতাড়িত করতেই সারা দেশে হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারিক আলী। তিনি বলেন, ‘চরকাউয়ার সম্প্রীতি ফিরিয়ে আনতে সেখানকার স্কুলের ছাত্রদের কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের উচিত হিন্দু বাড়িতে গিয়ে একটি করে ইট হলেও লাগানো। তাহলেই হয়তো তারা কষ্টটা বুঝতে পারবেন’।
স্থানীয় নাগরিকদের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীন আইনজীবী মানবেন্দ্র বটব্যাল বলেন, ‘বৃহষ্পতিবার রাতে হত্যার ঘটনার পরেই সেখানে উত্তেজনা বিরাজ করছিলো। পুলিশের উচিত ছিলো তখনই ব্যবস্থা নেওয়া। কিন্তু ঘটনার সময় মাত্র চারজন পুলিশ ছিল যাদের দুজনের হাতে লাঠি আর দুজনের হাত খালি। অথচ দুই গ্রামের মাঝখানের সেতুতে পুলিশ দাঁড়িয়ে থাকলেই এ ঘটনা ঘটতো না। কাজেই এই সহিংসতার জন্য সবার আগে বন্দর থানার ওসি, এরপর পুলিশের দক্ষিণের উপ-কমিশনার এবং মহানগর পুলিশ কমিশনারের বিচার চাই’।
২৭ টি সাংস্কৃতিক সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল বলেন, বরিশালের পুলিশ কমিশনার জুয়ার অনুমতি দেন। তাঁর নানা কাজের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাঁকে বরিশাল থেকে না সরালে সমস্যার সমাধান হবে না’। একই কথা বলেন বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস।
মতবিনিময় সভা শেষে আটদফা দাবি তুলে ধরেন রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, পারভেজ গাজীর নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, আহতদের সুচিকিত্সার ব্যাবস্থা করতে হবে, আগুনে ভস্মিভূত বাড়িঘরগুলো নির্মাণের জন্য ক্ষতিপূরণ দিতে হবে, ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে, আগুন দেওয়ার পরিকল্পনকারীদের চিহূিত করতে হবে, অযথা যেন কেউ হয়রানির শিকার না হয়, পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকার তদন্ত করতে হবে এবং এলাকায় সম্প্রীতি সমাবেশ করতে হবে’।
পুলিশের ভূমিকার বিষয়ে নাগরিক প্রতিনিধিদলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এ টি এম মুজাহিদুল ইসলাম বলেছেন, পুলিশের কাছে মানুষের প্রত্যাশা বেশি। সেই প্রত্যাশা পূরণ না হলে মানুষ এমন কথা বলে। তবে আমাদের কাজ ঠিকমতোই করার সাধ্যমতো চেষ্টা করছি’।
তবে যার বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ মহানগরের সেই পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘কেউ চাইলে মন্তব্য করতেই পারে। তবে আমরা যা করেছি সঠিক করেছি।’ পুলিশ সঠিক সময়ে ভূমিকা নিলে হিন্দুদের বাড়িঘরগুলো রক্ষা করা যেত নাগরিকদের এমন দাবি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ কি গুলি করে মানুষ মারবে নাকি?’