চর কুকরি মুকরিতে পাকা রাস্তার দাবি
ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি দ্বীপে একটি পাকা সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকেরা। গত সোমবার দুপুরে চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, এই দ্বীপ ইউনিয়নের লোকজন অসুস্থ হলে সুচিকিৎসার জন্য উপজেলা সদরে আসতে একটি পাকা রাস্তা খুব জরুরি। এ ছাড়া দুর্যোগ মুহূর্তে লোকজনকে নিরাপদ আশ্রয়ে নেওয়া ও দুর্যোগের পর ত্রাণসামগ্রী পৌঁছাতে একটি রাস্তা খুবই প্রয়োজন। ৩ জুলাই প্রথম আলোর শেষের পাতায় ‘কাটার জন্য ১৫ হাজার গাছ চিহ্নিত/কুকরি মুকরি বনে সড়ক নির্মাণের উদ্যোগ’ শীর্ষক খবর প্রকাশিত হয়। খবরে বন বিভাগের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, রাস্তা তৈরি করতে হলে ছোট-বড় ১৫ হাজার গাছ কাটতে হবে। পরিবেশবাদী ও স্থানীয় সচেতনমহল গাছ না কেটে বিকল্প পথে পাকা সড়ক নির্মাণের দাবি জানান।