চর কেটে নদের গতিপথ পরিবর্তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধকুমার নদটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে। বছর চারেক ধরে এই নদের সোনাহাট অংশ শুকিয়ে চর জেগে উঠেছে। অথচ বর্ষায় এই নদ সর্বগ্রাসী রূপ নেয়। গিলে খায় ঘরবাড়ি ও ফসলি জমি। গত বছর এমনি ভাঙনের করুণ অভিজ্ঞতা আছে এলাকাবাসীর। এবার তারা চর কেটে নদের গতিপথ পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। এতে নদের দুই পারের জনপদ রক্ষা পাবে—এমনটাই আশা স্থানীয় লোকজনের।সারা দেশে কর্মসৃজন কর্মসূচির টাকা নিয়ে কত নয়ছয় হয়। অথচ ভূরুঙ্গামারীতে দেখা গেল উল্টো চিত্র। কর্মসৃজন কর্মসূচির টাকায় কয়েক শ লোক চর কাটার কর্মযজ্ঞে শামিল হয়। চর কেটে দুই কিলোমিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থের নালা তৈরির কাজ শেষ হয় গত ৩০ এপ্রিল। নদের গতিপথ পরিবর্তনে সাধারণ মানুষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় সোনাহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আখতার বলেন, ‘সরকার কোটি কোটি টাকা খরচ করে ড্রেজিং করে। অথচ ভূরুঙ্গামারীর মানুষ নিজেরাই চর কেটে নদের গতিপথ পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। এটা নতুন চিন্তা।’ এতে পরিবেশের ক্ষতি বা দূষণের আশঙ্কা নাকচ করে দিয়ে ফরিদপুরে অবস্থিত নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, নদীভাঙনের প্রধান শত্রু হচ্ছে চর। চর অপসারণ বা কেটেই নদীভাঙন ঠেকাতে হবে। স্বল্প খরচে কাজটি করা যায়। ওই এলাকার লোকজন যে কাজটি করেছে তা যুগোপযোগী।সোনাহাট অংশে নদটি এঁকেবেঁকে পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে। মাঝখানে বিশাল চর। এই চরে ধাক্কা খেয়ে উজান থেকে নেমে আসা পানি পশ্চিম দিক ভাঙছে। চরের মাঝ দিয়ে কেটে দিলে নদ সোজা বয়ে যাবে এবং আগের গতিপথ ফিরে পাবে। এতে দুই পাড় ভাঙবে না—মূলত এমন চিন্তা থেকেই লোকজন চর কাটায় উদ্যোগী হয়। কিন্তু কর্মযজ্ঞে অনেক টাকার প্রয়োজন। গরিব মানুষের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাদের এ উদ্যোগের কথা শুনে কুড়িগ্রাম-১ আসনের সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল হাই ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল হক এগিয়ে আসেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলীদের সঙ্গে পরামর্শ করে চর কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রতিনিধিরা শুরুতে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির টাকায় কাজ শুরু করেন। গত ১ মার্চ থেকে দুই হাজার মানুষ উত্তর দিক থেকে আধাকিলোমিটার চর কাটে। বাকি থাকে আরও দেড় কিলোমিটার। এবার বাকি কাজ শেষ করা নিয়ে ওঠে প্রশ্ন। এগিয়ে আসেন সাংসদ। তিনি ঘোষণা দেন, চর কাটতে যত টাকা লাগবে তাঁর নিজস্ব তহবিল থেকে তা দেওয়া হবে। এই ঘোষণা শুনে নদের দুই পারের ১০ ইউনিয়নের মানুষ কোমর বেঁধে নামে। প্রতিদিন ৮০০ থেকে ৯০০ নারী-পুরুষ চর কাটার কাজ করে। মাত্র ২০ দিনে বাকি কাজটুকু শেষ হয়ে যায়। এখন চলছে বাঁশের পাইলিংয়ের কাজ। শ্রমিকসর্দার ইউসুফ আলী বলেন, ‘পাইলিং করার কারণ, এখানে বাধা পেয়ে পানি কাটা অংশ দিয়ে ঢুকবে। একবার পানি যাওয়া শুরু করলে নদ তার রাস্তা বের করে নেবে।’গত ২৯ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, প্রচণ্ড রোদ উপেক্ষা করে নারী-পুরুষ মিলে চর কাটার কাজ করছে। দিনমজুর ফাতেমা বেগম বলেন, ‘তোমরা কী বুঝবেন! এই নদী হামাক শ্যাষ করছে। খালি ভাঙে আর ভাঙে। চর কাটি দিবার নাগছি। এ দিক দিয়ে সোজা পানি গেইলে আর ভাঙবে না।’ শ্রমিকদের অপর সর্দার সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন সাড়ে ৮০০ থেকে ৯০০ লোক ১৫০ টাকা করে পাচ্ছে। ভূরুঙ্গামারীর ইউএনও মো. হামিদুল হক বলেন, ‘অবশ্যই এটা ব্যতিক্রমী কাজ। নদীর গতিপথ পরিবর্তনের জন্য এক হাজার ৪৩০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থের চর কাটার কাজ শেষ।’ কুড়িগ্রাম-লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. এনায়েত উল্লা বলেন, পানি যদি কাটা অংশ দিয়ে প্রবেশ করে, তবে নদীর গতি পরিবর্তিত হতেও পারে। ওই এলাকার ভাঙন রোধে এক কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। মামলার কারণে বন্ধ হয়ে আছে। সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে গ্রাম ও জনপদ রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা সফল হব।’