চর কেটে ভাঙন প্রতিরোধের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙন প্রতিরোধে গতকাল সোমবার বাগেরহাট সদর উপজেলার কয়েক হাজার মানুষ সমবেত হয়ে নদীর চর কাটতে শুরু করেছে। প্রমত্তা ভৈরব নদের ভাঙন থেকে যাত্রাপুর বাজার, খুলনা-বাগেরহাট পুরাতন সড়ক, আর লাউপালা তহশিল অফিসসংলগ্ন গ্রাম রক্ষায় নদীর গতিপথ পরিবর্তনের জন্য যাত্রাপুর, বারুইপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়নের প্রায় তিন সহস্রাধিক মানুষ দিনভর পরিশ্রম করে ওই চর কাটে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।এ সময় বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনের সাংসদ মীর শওকাত আলী, বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন, পুলিশ সুপার (এসপি) খোন্দকার রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।যাত্রাপুর ইউপির চেয়ারম্যান এম এ মতিন জানান, যাত্রাপুর, বারুইপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তে ভৈরব ও চিত্রা নদীর সংযোগস্থলে নদীভাঙন চলছে ৫০ বছর ধরে। তবে গত ১০ বছরে ভাঙনের মাত্রা ব্যাপক হারে বেড়েছে। তাই এলাকার মানুষ সম্মিলিতভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চর কেটে নদীর গতিপথ পরিবর্তন করে ভাঙন ঠেকানোর উদ্যোগ নিয়েছে।এম এ মতিন বলেন, ‘এ জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া না হলেও বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আমাদের বিশ্বাস, পদ্ধতিটি কাজে লাগবে।’বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান জানান, চর কেটে নদীর গতিপথ পরিবর্তন করে তাৎক্ষণিকভাবে ভাঙন-প্রক্রিয়া দুর্বল করে দেওয়া সম্ভব। তবে দীর্ঘ মেয়াদে নদী কোন পথে তার গতিপ্রবাহ খুঁজে নেবে, সেটি ধারাবাহিক পর্যবেক্ষণ ছাড়া বলা সম্ভব নয়।জেলা প্রশাসক বলেন, এটি সরকারের কোনো প্রকল্প নয়। কারও ক্ষতি না করে চরের সরকারি খাসজমি কেটে যাত্রাপুর, বারুইপাড়া ও বিষ্ণুপুরের লোকজন নদীর গতি পরিবর্তনের চেষ্টা করছে। এই উদ্যোগ কোনো সুফল দেবে কি না, তা ভবিষ্যতে দেখা যাবে।