চর গজারিয়া আশ্রয়ণ প্রকল্প মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম চর গজারিয়া আশ্রয়ণ প্রকল্পটি মেঘনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে। ওই আশ্রয়ণ প্রকল্পের নয়টি কলোনির মধ্যে চারটি ইতিমধ্যে বিলীন হয়েছে। আরও দুটো কলোনির অর্ধেক অংশ ভেঙে পড়েছে। অপর তিনটি ভাঙনের প্রায় ২০০ গজ দূরত্বে হুমকির মধ্যে রয়েছে। ওই কলোনিগুলো নদীতে ভেঙে পড়ার কারণে সেখানে ৬০০ পরিবার পুনরায় আশ্রয়হীন হয়ে পড়েছে। এর আগে একাধিকবার নদীভাঙনের শিকার হয়ে এসব পরিবার ওই আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই পেয়েছিল। জানা গেছে, ছিন্নমূল ও নদীভাঙা ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য ১৯৯৯-২০০০ অর্থবছরে উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের চর গজারিয়াতে সেনাবাহিনীর কারিগরি সহায়তায় ওই আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয়। ওই আশ্রয়ণে নয়টি কলোনির ৯০টি ব্যারাক হাউসে ৯০০ ছিন্নমূল ও নদীভাঙা ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়। বসবাসের জন্য ব্যারাক হাউসে একটি কক্ষ ছাড়াও প্রতিটি পরিবারকে এক একর কৃষি খাসজমি বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া মৎস্য চাষ, হাঁস-মুরগি ও পশু পালন, ক্ষুদ্র ব্যবসা এবং সমবায় পদ্ধতিতে ছোট ছোট উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে তাদের প্রশিক্ষণ ও ঋণসহায়তাও দেওয়া হয়। ১ নম্বর কলোনির বাসিন্দা আজাদ উদ্দিন বলেন, বিভিন্ন সময়ে তাঁর বসতবাড়ি ছয়বার মেঘনা নদীর ভাঙনের শিকার হয়। সবশেষে ২০০১ সালে আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে তিনি নতুনভাবে স্বপ্ন দেখেন। প্রকল্পের প্রশিক্ষণ এবং ঋণসহায়তা পেয়ে স্ত্রী আমেনা খাতুন, চার ছেলে ও দুই মেয়ে নিয়ে ভালোই চলছিলেন তিনি। এখন মেঘনার ভাঙন আবার তাঁকে আশ্রয়হীন করেছে।২ নম্বর কলোনির বাসিন্দা কামাল হোসেন, ৩ নম্বর কলোনির মো. মনির, ৯ নম্বর কলোনির মতু বেপারী বলেন, কলোনির ঘর নদীতে ভেঙে পড়েছে এবং চাষাবাদের খাসজমিও মেঘনার ভাঙনে বিলীন হয়েছে। আশ্রয় এবং চাষের জমি হারিয়ে এখন তাঁরা পথে বসেছেন।২ নম্বর কলোনির কমিউনিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস ছালাম বলেন, ভাঙন প্রতিরোধের কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। তিনি পুনরায় আশ্রয়হীন হয়ে পড়া পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের দাবি করেন।চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেল্লাল হোসেন বলেন, মেঘনার ভাঙনে কলোনিগুলোর ৫০০ পরিবারসহ কলোনির আশপাশের আরও শতাধিক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পটি মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য ভাঙনের তথ্যচিত্রের সিডি গত বছর জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনসহ পাঠানো হয়েছে।রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম হাসান আল আমিন বলেন, চর গজারিয়া আশ্রয়ণ প্রকল্প মেঘনার ভাঙনকবলিত হওয়ার বিষয়টি এ বছরও উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে। তবে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।