তিস্তা নদীর বুকে জেগে উঠেছে চর। যে চরের মালিক সেই সব মানুষ, যারা তিস্তার ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হয়েছিল। আইনে আছে, এই ভূমিহীনেরাই হবে জেগে ওঠা নতুন চরের মালিক। কিন্তু এসব মানুষের ভাগ্য নিয়ে নিষ্ঠুর খেলায় মেতেছেন স্থানীয় ভূমিদস্যু চেয়ারম্যন। চেয়ারম্যানের হয়ে ‘মফা’ বাহিনী দখল করতে চায় চর। কিন্তু প্রবীণ সুধী কাকার নেতৃত্বে জোট বাঁধে ভূমিহীনেরা। তিস্তাপারের অসহায় মানুষ তাদের অধিকার আদায়ের প্রত্যয় ও স্বপ্ন নিয়ে মফা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এভাবেই করাল নাটকে নদীভাঙা মানুষের জীবনসংগ্রামের কথা তুলে ধরল নাট্যযোদ্ধার নাট্যকর্মীরা।গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাটকের দল নাট্যযোদ্ধার সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে করাল নাটকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শুরুতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন মৌরি, মিম, মিথিলা ও শাওন। জাদু পরিবেশন করেন জাদুকর কামরুল হুদা।এরপর শুরু হয় আলোচনা। নাট্যযোদ্ধার সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী। উদ্বোধক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। এ ছাড়া আলোচনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও নাট্যযোদ্ধার উপদেষ্টা আবদুল্লাহ জাফর। আলোচনা শেষে মঞ্চস্থ হয় ফয়সাল আহমেদের রচনায় ও সফিকুল ইসলামের নির্দেশনায় নাটক করাল।সেলিম আল দীন মেলানাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে তাঁর গ্রাম সেনেরখিলে আয়োজিত হতে যাচ্ছে সেলিম আল দীন মেলা ১৪১৬। সেলিম আল দীনের জন্মস্থান ফেনী জেলার সেনেরখিল গ্রামের মঙ্গলকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি মেলা শুরু হবে। চলবে তিন দিন। ইতিমধ্যে এই মেলা পরিচালনার জন্য গঠিত হয়েছে সেলিম আল দীন মেলা উদ্যাপন জাতীয় পর্ষদ ১৪১৬।গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার ঘোষণা দেন মেলা উদ্যাপন জাতীয় পরিষদের আহ্বায়ক নাসিরউদ্দীন ইউসুফ। তিনি বলেন, মেলা বাঙালির সম্মিলনের উত্সব। বাঙালির মেলা বাঙালির নিজস্বতাকেই প্রতিষ্ঠিত করেছে। সেলিম আল দীনও বাঙালির সব উত্সব-আনন্দের শেকড় তালাশ করেছেন। হাজার বছরের কোল থেকে তুলে এনেছেন বাঙালির নিজেদের শিল্পরুচিকে। তাই তাঁরই স্মরণে এই মেলার উদ্যোগ।প্রথমবারের মতো আয়োজিত এ মেলায় ঢাকা, ফেনী, রাজশাহী, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক সংগঠন ও দল অংশ নেবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রোকেয়া প্রাচী, সোনাগাজী পৌরসভার মেয়র জামাল উদ্দিন প্রমুখ।জাতীয় পিঠা উত্সবনাগরিক জীবনযাত্রায় বাঙালির অন্যতম ঐতিহ্যবাহী খাবার পিঠাপুলির সংযোজন ঘটাতে দুই বছর ধরে পিঠা উত্সব করে আসছে কফি হাউস। এরই ধারাবাহিকতায় এবারও পিঠা উত্সব করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এবার উত্সব হবে আট দিনব্যাপী। শুরু হবে ২১ জানুয়ারি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কফি হাউস অঙ্গনে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত এ উত্সব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্সবে ৩০টি স্টলে পিঠা বিক্রয় ও প্রদর্শন করা হবে। পাশাপাশি আঞ্চলিক পিঠাও থাকবে স্টলগুলোতে। পিঠা উত্সবে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ছয়জনকে পুরস্কৃত করা হবে। বিচারকমণ্ডলীর রায়ে তিনজন এবং দর্শক জরিপে তিনজন পুরস্কৃত হবেন। পিঠা উত্সব মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে নাচ, গান, আবৃত্তি, কবিকণ্ঠে কবিতা পাঠ, পিঠা নিয়ে গল্প ও শিশুদের পরিবেশনা।