চর দখল নিয়ে ভোলার গ্রামে লুটপাট, ৭০টি ঘর ভাঙচুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরে হাজি সিরাজ বাহিনী ৭০টি ঘর ভাঙচুর ও চার শতাধিক ঘরে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভয়ে এলাকার সব বাড়িঘর পুরুষশূন্য হয়ে পড়েছে। চার দিন ধরে সদর উপজেলার পূর্ব ইলিশার চরানন্দ পার্ট-৩ গ্রামে এই তাণ্ডব চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জোতদারদের দুটি পক্ষই ভোলা সদর থানায় মামলা দায়ের করেছে।ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র থেকে দুই কিলোমিটার দূরে চরানন্দ পার্ট-৩ এলাকায় গতকাল রোববার বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, বাড়িগুলোতে কোনো পুরুষ নেই। সাংবাদিকদের দেখে শিশু ও নারীরাও পালাচ্ছে। নারীদের অভয় দেওয়ার পর তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চার-পাঁচ দিন ধরে সিরাজুল ইসলাম বাইন্যা ওরফে হাজি সিরাজ, রফিক মাল, বাদশা ও আবুল বাশারের নেতৃত্বে সন্ত্রাসীরা প্রতি রাতে বিভিন্ন বাড়িতে হানা দেয়। তারা ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। ঘরপ্রতি ৫ থেকে ১২ হাজার টাকা চাঁদা নিচ্ছে। যাঁরা চাঁদা দেননি, তাঁদের ঘর ভাঙচুর করে লুটপাট চালানো হচ্ছে। প্রতিটি বাড়ি থেকে হাঁস, মুরগি, ঘরের আসবাব ও টাকা লুট করে নিয়ে গেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাজু, তাছলিমা, শহিদ, আবু তাহের, আইয়ুব আলী ফরাজী, তিল্লু ফরাজী, আবু রেসুন, নান্নু ফরাজী, মো. সেলিম মৃধা, হাদিস ব্যাপারী, মো. শাজাহান, মো. শেখ ফরিদ, মো. কালু, আরজু বেগম, জাহাঙ্গীর মোল্লা, জাহাঙ্গীর ব্যাপারি, জাকির হোসেন, জহুর ইসলাম, মোশারেফ হোসেন, কাঞ্চন মিয়া, মো. কামাল, আবু তাহের ব্যাপারী, আবদুল কাদের, নুরুল ইসলাম, রহিজল হক মীর, শাহে আলম মীরেরসহ ৭০টি টিনের ঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা।আনোয়ারা বিবি বলেন, ‘আবু তাহের উকিলরে ৪০ হাজার টিয়া (টাকা) দিয়া আট গণ্ডা (৪০ শতাংশ) জমি লইছি পাঁচ বছর আগে। নদীত সব নেওনের পরে এক বছর ধইরা এনে আই রইছি। কিন্তুক এনে আওনের পরে রফিক্যা-বাদশারে পেত্যেক মাসে চান্দা দেওন লাগে। পাঁচ-ছয় দিন আগে হাজার টিয়া দিছি। হ্যার পরেও গেছে কাইল আমার আটটা হাঁস নিয়া গেছে।’বিবি হালিমা বনের মধ্যে এক গাছের আড়ালে বসে কাঁদছেন। ভয়ে কলাগাছের পাতা দিয়ে মুখ ঢেকেছেন। পরে পরিচয় পেয়ে তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ২০ গণ্ডা (এক একর ৬০ শতাংশ) জমির ফসল বাইন্যারা (হাজি সিরাজুল ইসলাম) লইয়্যা গেছে।’ একই ধরনের কথা বলেন চরানন্দের আরও অনেকে।পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, এই চরের এক হাজার ৪৮৫ একর জমি সরকারি। এর মধ্যে ১৯৫৯-৬০ সালে সরকার ৬১৪ একর জমি বন্দোবস্ত দেয়। বাকি জমি এখনো সরকারের। কিন্তু আবু তাহেরের পক্ষ ডিক্রিবলে জোর করে ওই জমি ভোগদখল করছে। তিনি বিভিন্ন ভূমিহীনের কাছে ওই জমি বিক্রি করেছেন কিন্তু কাগজপত্র দেননি। এখন ওই জমি আবার পাশের রাজাপুর ইউনিয়নের সিরাজুল ইসলাম বাইন্যা চরানন্দ পার্ট-৩ মৌজাকে দক্ষিণ রাজাপুর দাবি করে ওই এলাকায় ঘরবাড়ি ভাঙচুর করে লুটপাট চালাচ্ছেন। কিন্তু পুলিশ কিছুই বলছে না।চরের জোতদার আবু তাহের বলেন, ‘ডিক্রিবলে ওই জমির মালিক আমি। কিছু জমি বিক্রি করেছি। কিন্তু সিরাজুল ইসলাম বাইন্যা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে লুটপাট, ভাঙচুর ও নারী নির্যাতন চালাচ্ছে।’সিরাজুল ইসলাম বাইন্যা বলেন, ‘আমরা চরে কোনো লুটপাট চালাইনি। লুটপাট চালাচ্ছে তালুকদার বাহিনী ও রফিক-বাদশা।’ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ এনে দুটি মামলা করেছে। পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে বলে তিনি দাবি করেন।পুলিশ সুপার বশির আহাম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আছে।জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’