চর দখল নিয়ে মারামারিতে আহত আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাটে গত শনিবার মধুমতীর নদীর চরের খাসজমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মাথা ও বুকে গুলিবিদ্ধ মহসীন সরদার (২৫) মারা গেছেন। গত সোমবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় দুজন মারা গেলেন। নিহত মহসীন সরদার মোল্লাহাট উপজেলার চূনাখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামের আউয়াল সরদারের ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঢাকা থেকে তাঁর মরদেহ গ্রামে নিয়ে আসা হবে বলে নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে। এর আগে ঘটনার দিন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপন সরদার (২১) নামের আরেক যুবক মারা যান।এদিকে ওই ঘটনায় দুজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মহসীনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুল আলম। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য মহসীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, মধুমতী নদীর চরের তিন একর জমি দখল নিয়ে শনিবার সকালে সিংগাঁতি গ্রামের জাহিদ শিকদার ও জিন্নাহ সরদারের সমর্থকদের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। নিহত রিপন ও মহসীন জিন্নাহ সরদারের সমর্থক। রিপন নিহত হওয়ার পর মোল্লাহাট থানায় দেড় শতাধিক মানুষের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছিল। তবে গত চার দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।