চর দখল নিয়ে হাতিয়ায় বনদস্যুদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চর দখল নিয়ে গত বুধ ও বৃহস্পতিবার দুই দল বনদস্যুর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় নলেরচর, দরবেশ বাজার, ভূমিহীনবাজার ও চরবাশার এলাকায় অর্ধশতাধিক বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। দোকানপাটে চালানো হয়েছে লুটপাট। এসব ঘটনায় হতাহতের ব্যাপারে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি। তবে স্থানীয়দের দাবি, সংঘর্ষ চলাকালে ছয়জনকে জবাই করে হত্যা করা হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন।মোর্শেদবাজার ও ভূমিহীনবাজার পুলিশ ক্যাম্পের সদস্যদরা জানান, চর দখল ও পাল্টা দখল নিয়ে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা তাঁরা শুনেছেন। তবে এসব ঘটনায় হতাহতের ব্যাপারে তাঁদের কিছু জানা নেই।তবে স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে চরবাশারে নাছির কমান্ডারের লোকেরা ছয়জনকে জবাই করে হত্যা করেছে। নিহত ব্যক্তিদের বয়স ৪২ থেকে ৫০ বছর। তাঁরা আরেক বনদস্যু মিয়া সিকদারের লোক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে মিয়া সিকদার, মুন্সীয়া চোরা, গিয়াসউদ্দিন, মালেক ফয়রাজী ও নিজাম কমান্ডারের বাহিনী একত্র হয়ে নাছির কেরানি ওরফে নাছির কমান্ডারের নিয়ন্ত্রণে থাকা নলেরচর, কেরিংচর, চরবাশার ও নঙ্গইল্যার চরে হামলা চালায়। নাছির বাহিনীর লোকজন হামলার শিকার হয়ে পিছু হটে যায়।চরের বাসিন্দারা জানান, নাছির বাহিনী পিছু হটে সন্দ্বীপের উড়িরচর চলে যায়। পরে সন্দ্বীপ এলাকার জলদস্যু টিপুসহ আরও কয়েকটি দস্যুবাহিনীর সহায়তা নিয়ে বুধবার রাতে নিয়ন্ত্রণ হারানো চরগুলোতে হামলা চালায়। দুই পক্ষের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। নাছির বাহিনীর লোকেরা চরদরবেশ, ভূমিহীনবাজার ও চরবাশার এলাকার ভূমিহীনদের অর্ধশতাধিক বসতঘরে অগ্নিসংযোগ করে। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিও হয়েছে। মোর্শেদবাজার পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা এসআই ইউছুফ নবী জানান, দুর্গম এলাকায় সংঘর্ষের কথা তাঁরা শুনেছেন। তবে হতাহতের ব্যাপারে তাঁদের কেউ কিছু জানায়নি। নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী জানান, সংঘর্ষের খবর পেয়েছেন। খোঁজখবর নিয়ে শিগগির ওই এলাকায় অভিযান চালানো হবে।