চর দখলের মতো কেন্দ্র দখল হয়েছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের স্বরূপ উন্মোচিত হয়েছে। তাঁরা চর দখলের মতো কেন্দ্র দখল করেছে। তিনি দখল হওয়া কেন্দ্রগুলোতে আবার ভোট নেওয়ার দাবি জানান।
বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদের কারামুক্তি উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল এই দাবি জানান। তিনি অভিযোগ করেন, ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই বেশির ভাগ ভোটকেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। বেশ কয়েকটি উপজেলার সব কটি কেন্দ্র দখল করে নিয়েছে সরকার-সমর্থিত ব্যক্তিরা।
এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতেই কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে দাঁড়ালে আওয়ামী ‘পান্ডারা’ ভোটকেন্দ্রে দাঁড়াতেই পারত না। তিনিও অভিযোগ করেন, বেশ কিছু উপজেলায় সরকারদলীয় নেতা-কর্মীরা ভোটকেন্দ্র দখল করে নিয়েছেন। কোথাও কোথাও জাল ভোটের মহোৎসব হয়েছে। এর আগে দুই দফা সংবাদ সম্মেলনেও একই ধরনের অভিযোগ করেন তিনি।
বিকেলের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, কোথায় কোথায় ভোট বর্জন ও হরতাল ডাকা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান তখন পর্যন্ত তাঁদের হাতে পৌঁছায়নি। কর্মসূচির বিষয়ে দলের নীতিনির্ধারকেরা বসে সিদ্ধান্ত নেবেন।
সব কটি সংবাদ সম্মেলনেই রিজভী অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ছিল না।