চর দুটিতে চলছে শিশুশ্রম ও বাল্যবিবাহের 'উৎসব'
তৃতীয় শ্রেণী থেকে মেয়েদের বিয়ে দেওয়া শুরু হয়। পঞ্চম শ্রেণীতে উঠে যারা অবশিষ্ট থাকে, পাস করার সঙ্গে সঙ্গে তাদের সবারই বিয়ে হয়ে যায়। আর ছেলেরা গরুর রাখাল হয়ে যায়। গোপনে বিয়ে দিয়ে দু-একটি বাচ্চা হওয়ার পর ইউপি সদস্যের কাছে বয়স প্রমাণের সনদ নিতে আসেন অভিভাবকেরা। গত কয়েক বছরে এমন প্রায় ২০০ বিয়ে হয়েছে—এমন বক্তব্য স্থানীয় এক ইউপি সদস্যের।
বিচ্ছিন্ন এই জনপদের নাম চরতারানগর ও চরখিদিরপুর। রাজশাহী নগরের দক্ষিণে পদ্মা নদীর ওপারে অবস্থিত এই দুই চরে প্রায় ১০ হাজার মানুষের বাস। দেশের ভূখণ্ড থেকে পদ্মা নদী দিয়ে বিচ্ছিন্ন এই চর দুটির তিন দিকে রয়েছে ভারতের সীমানা। এই দুই চরের শিশুদের বাল্যবিবাহ ও শিশুশ্রমের অভিশাপ থেকে মুক্তির জন্য ‘বঞ্চিতি বদল’ নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন আন্দোলন শুরু করেছে। তারা সেখানে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় চালু করেছে। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়টি গড়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে, শিশুদের বিয়ের প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে যেন সব শিক্ষার্থী তা জানতে পারে। তারা সবাই মিলে বিয়ে ঠেকানোর উদ্যোগ নিতে পারে। এই আন্দোলনে শরিক হয়ে বিয়ে ঠেকাতে শিক্ষার্থীরা বর-কনের বাড়িতে গিয়ে ধরনা দিচ্ছে প্রায়ই।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন বছরে অষ্টম শ্রেণীতে ওঠার আগে আটজন মেয়ের বিয়ে হয়ে গেছে। অন্যান্য শ্রেণীর আরও পাঁচজন শিক্ষার্থীর বিয়ে হয়েছে। কয়েক দিন আগে চরখিদিরপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর বিয়ে দেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান। শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য তিনি ফুটবল, সাবান, টুথপেস্ট, ব্রাশ, ছয় মাসের লেখার খাতা, কলম, জ্যামিতি বক্স ও স্কুলব্যাগ বিতরণ করেন। এ সময় জানা যায়, যে মেয়েটির বিয়ে কথা হচ্ছিল তার বিয়ে হয়ে গেছে। ইউএনও ওই মেয়ের বাবাকে বিদ্যালয়ে ডেকে পাঠান। তিনি তাঁর কাছ থেকে মুচলেকা আদায় করেন, মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত শ্বশুরবাড়িতে পাঠাতে পারবেন না।
চরখিদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম মোস্তফা জানান, গত কয়েক বছরে প্রায় ২০০ মেয়ের গোপনে বিয়ে হয়ে গেছে। কেউ টের পায়নি। দু-একটি বাচ্চা হওয়ার পর তাঁদের কাছে বয়স প্রমাণের সনদ নিতে এসেছেন অনেকে।
চরখিদিরপুর গ্রামে গিয়ে দেখা যায়, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পিয়ারুল ইসলাম লেখাপড়া ছেড়ে দিয়ে গরুর রাখালি করছে। তুষার বাবার সঙ্গে নদীতে মাছ ধরছে। আলম ট্রাক্টর নিয়ে জমি চাষ করছে। শরীফুল কৃষিকাজ করছে। আর বিদ্যালয়ে যাবে কি না জানতে চাইলে আলম মাথা নিচু করে চলে যায়।