চর পড়ায় পাঁচ লঞ্চঘাটের চারটিই বন্ধ
মুন্সিগঞ্জের কাঠপট্টি-তালতলা-ডহরী খালে চর পড়ায় চারটি লঞ্চঘাট সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ হতে বসেছে অবশিষ্ট থাকা ঘাটপট্টি ঘাটটিও। এতে খালের আশপাশের কলকারখানা, ধান-চাল, কাঁচামালের আড়ত ও কাঠের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। খালটি খনন করে লঞ্চঘাটগুলো আবার পুনঃস্থাপন করার দাবি এলাকাবাসী ও ব্যবসায়ীদের।স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় ১০ কিলোমিটার খালের উত্তরাংশ ধলেশ্বরী নদী ও দক্ষিণাংশ ইছামতী নদীর শাখা নদী হিসেবে পরিচিত। খালটি বেশ প্রশস্ত ও গভীর ছিল। লঞ্চ ও বড় বড় ট্রলার চলতে পারত সহজেই। এই কারণে খালটিকে ঘিরে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমের কমলাঘাট, টঙ্গিবাড়ী উপজেলার বেতকা, আবদুল্লাহপুর, বালিগাঁও বাজার ও সিরাজদিখান উপজেলার তালতলা বাজারে কমপক্ষে এক হাজার কাঁচামালের আড়ত ও কাঠের ব্যবসা, আলু সংরক্ষণের জন্য প্রায় ৫০টি হিমাগার, পাটকলসহ প্রচুর শিল্প-কলকারখানা গড়ে ওঠে। কয়েক বছর ধরে খালে চর পড়ে পানি শুকিয়ে গেছে।সম্প্রতি সরেজমিন কাঠপট্টি, বেতকা, আবদুল্লাহপুর, তালতলা ও ডহরী এলাকায় দেখা যায়, একমাত্র কাঠপট্টি ঘাট আছে। বাকি চারটি ঘাটের কোনো অস্তিত্ব নেই। তবে স্মৃতি হিসেবে লঞ্চঘাটগুলোর দুটি করে বড় লোহার খাম দাঁড়িয়ে আছে। খালের দক্ষিণ প্রান্তের চরে ধনচে ও ধানের চারা। মাঝখান দিয়ে বয়ে গেছে কাঠপট্টি-তালতলা-ডহরী খাল। কয়েক দিনের বৃষ্টির পর খালে কিছু পানি ছিল। সেই পানিতে চলছিল মালবাহী ট্রলার। বেতকা বাজারের আলুর ব্যবসায়ী আইজল খান বলেন, ‘ছয়-সাত বছর আগেও খালে ১২ মাস পানি থাকত। এখন গ্রীষ্মকালেই পানি শুকিয়ে যায়। পানি এতই কমে যায় যে হেঁটেই খাল পার হওয়া যায়।’ওই বাজারের ব্যবসায়ী রশিদ শিকদার আঙুল দেখিয়ে বলেন, ‘এই বেতকা সেতু দেখছেন না, এই সেতুর দুই পাশের ঢাল কতদূরে দেখেছেন, খালটা সেই ঢাল পর্যন্ত ছিল। এখন দুই পাশে চর পড়ে খালটিও সরু হয়ে গেছে।’ তালতলা বাজারের বাঁশ ব্যবসায়ী আবদুল লতিফ বলেন, ময়মনসিংহ থেকে নদীতে বাঁশ ভাসিয়ে তালতলা ঘাটে আনা হতো। এখন খালে পানি না থাকায় বাঁশ আনতে প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। মিরকাদিম পৌরসভাধীন সানফ্লাওয়ার হিমাগারের মালিক মনিরুজ্জামান জানান, খালটিতে পানি না থাকায় আলু হিমাগারজাত করতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। সড়কপথে আলু আনা-নেওয়া করায় খরচও বেড়ে যাচ্ছে।কর্তৃপক্ষের বক্তব্য: বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ বন্দরের উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, খালে পানি কম থাকায় নৌযান চলতে পারছিল না। এ কারণে ঘাটগুলো তুলে নেওয়া হয়েছে। খালটি খননের জন্য ঊর্ধ্বতন মহলে পত্র দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। খালটি আবার খনন করা গেলে আশা করা যাচ্ছে, ঘাটগুলো পুনঃস্থাপন করা সম্ভব হবে।জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, খালটি আসলেই জনগুরুত্বপূর্ণ। শিগগিরই খালটি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হবে।