চর, সিডর ও আলো ছড়ানো এক স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরপদ্মা হাজীমকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা। ৯ নভেম্বর তোলা ছবি l প্রথম আলো
চরপদ্মা হাজীমকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা। ৯ নভেম্বর তোলা ছবি l প্রথম আলো

সিডরের দানবীয় শক্তি মদনপুরের এমন দুটি জিনিস ভেঙেছিল, যা আর ফিরে আসেনি। এক, ছোট্ট একটা মক্তব। দুই, চরবাসীর কোন্দল। এই দুয়ের ফল ‘প্রথম আলো স্কুল’। সেই স্কুলটাই দিনে দিনে পুরো চরের চেহারা বদলে দিয়েছে বলে এলাকাবাসীর ধারণা।

কিছুটা শুনুন মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিনের (নান্নু ডাক্তার) মুখে, ‘প্রথম আলো বিদ্যালয়টি প্রতিষ্ঠার পরে স্বভাবতই মদনপুরে শিক্ষার হার বেড়েছে। তার চেয়ে বড় হলো সামাজিক উন্নয়ন হচ্ছে। সবাই কিছুটা হলেও শুদ্ধ উচ্চারণে কথা বলছে। বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্যসম্মত পায়খানা, সুপেয় পানির জন্য গভীর নলকূপ, আশ্রয়ণ প্রকল্পসহ সবখানে প্রভাব পড়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগে প্রায় সব মৌলিক সুযোগ-সুবিধা এসেছে।’

মদনপুর মেঘনা নদীর মাঝে জেগে ওঠা এক চর। পুরোটা নিয়েই একটি ইউনিয়ন। এই চরের যে বিদ্যালয় এই গল্পের উপজীব্য, তার নাম এখন ‘চরপদ্মা হাজী মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়’। তবে লোকে ডাকে প্রথম আলোর স্কুল বলে। বিদ্যালয়টির আলো ছড়ানোর কথা জানার আগে এই মদনপুরের কাহিনিটা জানা জরুরি।

মদনপুর ইউনিয়ন আদি ভোলার দৌলতখান থানার অংশ ছিল। তখন এর আশপাশেই মহাকুমা সদর ছিল। মেঘনা নদীর ভাঙনে যে ছয়টি ইউনিয়ন বিলীন হয়, মদনপুর তার একটি। মদনপুরের বিশেষত্ব হলো সে দুবার মেঘনায় বিলীন হয়েছে। সর্বশেষ ১৯৯১-৯২ সালের দিকে আবার জেগে ওঠে। ২০০১-০২ সালে কোমরসমান কাদা ভেঙে এ চরে বসত শুরু হয়। প্রথমদিকে মহিষ-বাথান ছাড়া কিছুই ছিল না। তারপর অল্পস্বল্প ফসলের আবাদ। একপর্যায়ে মাটি ফেলে উঁচু টংঘর বাঁধা শুরু হয়। সুপারির খুঁটিতে তৈরি টংঘরে মানুষ, নিচে গবাদিপশুর বাস। রাস্তাঘাট নেই, গভীর নলকূপ নেই। আছে শুধু আলপথে হাঁটাপথ।

এরপরও ২০০৭ সাল নাগাদ মদনপুর হয়ে ওঠে দুই হাজার পরিবারের বসতি। তবে সবাই মৌলিক সুবিধা অধিকারবঞ্চিত। চরের প্রায় দুই হাজার শিশুর জন্য বিদ্যালয় নেই। পবিত্র কোরআন পড়ার জন্য একটি মক্তব, আর একটি মসজিদ বানায় চরবাসী। প্রথম আলো ২০০৭ সালের শুরুতে ‘ইউনিয়নে কোনো বিদ্যালয়ে নেই’ শিরোনামে খবর ছাপে। তখন সরকার একটি বিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করে। কিন্তু চরবাসীর মতবিরোধে তা আর হয়ে ওঠেনি। এরই মধ্যে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। ছিন্নভিন্ন হয়ে যায় মদনপুরের টংঘরগুলো। মক্তব আর মসজিদ খুঁজেই পাওয়া গেল না।

‘চরবাসী মসজিদটি কোনোমতে দাঁড় করালেও মক্তবটি আর দাঁড়ায়নি। প্রথম আলো ট্রাস্ট ২০০৭ সালেইচরে একটি প্রাথমিক বিদ্যালয় বানানোর শর্তে ১ লাখ ৮০ হাজার টাকা দিল। চরবাসী ঝড়ের আগের বিভেদ ভুলে নিজেরা কিছু টাকা তুলে বিদ্যালয় দাঁড় করাল।’ বলছিলেন লুৎফুর রহমান পাটওয়ারী। তিনিই বর্তমানে চরপদ্মা হাজী মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

বিদ্যালয়টি যার নামে, সেই মকবুল আহমেদ চরপদ্মার শিক্ষিত লোক ছিলেন। সরকারি বিদ্যালয়ের সেই শিক্ষক এখন প্রয়াত। তবে তাঁর নামে চরে গড়ে ওঠা বিদ্যালয়টি আজ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। তিনতলা এ ভবনটি ঝড়ের সময় ‘সাইক্লোন শেল্টার’ হিসেবে ব্যবহৃত হয়। বাকি সময়ে পাঠদানের কাজ চলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শিহাব উদ্দিন বলেন, এখানে এখন শিক্ষক আছেন চারজন। বিদ্যালয়টি হওয়ার পর মানুষের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ করতে হয়েছে। এখন মা-বাবা স্বেচ্ছায় সন্তানদের ভর্তি করাচ্ছেন। যদিও ঝরে পড়ার সংখ্যা অনেক। তবুও বিদ্যালয়ে এখন ছাত্রছাত্রীর সংখ্যা ২৩৩। প্রতিবছর শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায় বৃত্তি পাচ্ছে। অনেক বছর শতভাগ পাস করেছে। সে জন্য বিদ্যালয়
পুরস্কারও পেয়েছে।

৯ নভেম্বর সরেজমিনে দেখা যায়, সকাল আটটা বাজতেই শিশুরা বই-খাতা নিয়ে বিদ্যালয়মুখী। কেউ উদোম পায়ে ময়লা পোশাকে, কেউ পরিপাটি স্যান্ডেল পায়ে রঙিন পোশাকে। কেউ আসছে রাস্তা দিয়ে, কেউ আসছে আলপথে, কেউবা খাল ডিঙিয়ে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসনা বেগম বলেন, একসময় চরের শিশুরা সাতসকালে গরু-মহিষ, ছাগল চরাতে বেরোত। ফিরত সন্ধ্যায়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর সে দৃশ্যের অবসান হতে চলেছে। চরবাসী পড়াশোনার ব্যাপারে সচেতন হওয়ায় বিদ্যালয়ের সংখ্যাও বাড়ছে। চরে এখন চার-চারটি বিদ্যালয়।

বিদ্যালয়ের আরেক সাফল্য এই চরে জেলা প্রশাসকের আগমন ঘটানো। প্রথম আলোর প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উদ্বোধন করতে চরে এসেছিলেন তৎকালীন জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন। সেই প্রথম ও শেষ কোনো জেলা প্রশাসকের পা এই চরে পড়েছে। তিনি মানুষের মুখে চরের সমস্যা শুনেছিলেন। সমস্যা দূর করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছিলেন। সেই কারণে হয়তো এই ৯-১০ বছরে মদনপুরের অনেক উন্নয়ন হয়েছে বলে মনে করেন বিদ্যালয়ের সভাপতি লুৎফুর রহমান।