চরদুয়ানী মৎস্য উপকেন্দ্রে লাইসেন্স প্রদানে অনিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকায় মৎস্য উপকেন্দ্রে আড়তদারি লাইসেন্স প্রদানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীদের অভিযোগ, দলীয় বিবেচনায় আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতা, মিষ্টি ও দর্জির দোকান মালিক এবং একজন প্রবাসীসহ অপেশাদার ব্যক্তিরা লাইসেন্স পাওয়ায় পেশাদার মৎস্য ব্যবসায়ীরা অনেকেই পাননি। গত ২০ এপ্রিল বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন পাথরঘাটার চরদুয়ানী বন্দরকে মৎস্য উপকেন্দ্র হিসেবে ঘোষণা দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ২৩ এপ্রিল এই কেন্দ্রে ব্যবসা করার জন্য ৩০ জনকে আড়তদারি লাইসেন্স দেয় বিএফডিসি কর্তৃপক্ষ। লাইসেন্স-বঞ্চিত চরদুয়ানী বাজারের মৎস্য ব্যবসায়ী খোকন আকন অভিযোগ করেন, ‘আমি ১৮ বছর ধরে চরদুয়ানী বাজারে মাছের আড়তদারি ও ব্যবসা করি, বিএফডিসি উপকেন্দ্র চালু হওয়ার পর ওই বাজারে মাছ বিক্রি করে গত দেড় মাসে ২৫ হাজার টাকা রাজস্ব জমা দিয়েছি। অথচ আবেদন করেও আমি আড়তদারি লাইসেন্স পাইনি।’চরদুয়ানী বাজারের মৎস্য আড়ত বলেশ্বর ফিশের মালিক মোশাররফ হোসেন বলেন, ‘আমি আট বছর ধরে আড়তদারি ব্যবসা করেও লাইসেন্স পাইনি। লাইসেন্স পেয়েছেন প্রভাবশালী আ.লীগ নেতা ও অপেশাদার ব্যক্তিরা। এখন আমাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় দেখছি না।’ চরদুয়ানী মৎস্য আড়তদার সমিতির সভাপতি খোকন আকন বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় আড়তদারি লাইসেন্স দেওয়া হয়েছে। এমনকি আমি আড়তদার সমিতির সভাপতি হয়েও লাইসেন্স পাইনি।’ লাইসেন্স পাওয়া আওয়ামী লীগের নেতা শহীদুল ইসলাম বলেন, ‘লাইসেন্স পাওয়া ৩০ জনের মধ্যে পাঁচ-ছয়জন ছাড়া সবাই প্রকৃত মৎস্য ব্যবসায়ী। যে দল যখন ক্ষমতায় থাকে তখন তারা তো কিছুটা সুযোগ পাবেই, তবে আগের মত কোনো কিছুই নগ্নভাবে করা হয়নি।’ চরদুয়ানী মৎস্য উপকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) এম এ সেলিম জানান, ইলিশ মাছের মৌসুম না হওয়া সত্ত্বেও এই উপকেন্দ্র উদ্বোধনের পর প্রথম ৪০ দিনে দুই লাখ ১৩ হাজার ৭৭১ টাকা সরকারি টোল আদায় হয়েছে। তবে তিনি বলেন, বিএফডিসি প্রকাশিত লাইসেন্স-সংক্রান্ত তালিকা প্রকাশের পর প্রকৃত মৎস্য ব্যবসায়ীদের নাম তালিকায় না থাকায় সরকারি টোল আদায় অনেকটা কমে গেছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের পাথরঘাটার ব্যবস্থাপক লে. কমান্ডার মীর মো. হুমায়ূন কবির প্রকৃত মৎস্য ব্যবসায়ীদের লাইসেন্স-বঞ্চিত হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চরদুয়ানী মৎস্য উপকেন্দ্রে আড়তদারি লাইসেন্সের চাহিদা বেশি থাকায় এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তবে শর্তসাপেক্ষে ৩০ জনকে এক বছরের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। শর্ত ভঙ্গ করলে লাইসেন্স বাতিল করা হবে।’