চরফ্যাশন থেকে রাজ্জাক হত্যা মামলা স্থানান্তর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন আদালতে বিচারাধীন ছাত্রদল নেতা আবদুর রাজ্জাক হত্যা মামলা অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন নিহতের বাবা মো. হোসেন। গতকাল মঙ্গলবার জেলা ছাত্রদল কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় পুলিশি হয়রানি, আসামিদের হুমকিধমকি, অত্যাচার ও নির্যাতন বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে মো. হোসেন বলেন, মামলা করার পরই তাঁর ওপর নেমে আসে মানসিক ও শারীরিক নির্যাতন। মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকিধমকি দেওয়া হচ্ছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হুমকিধমকি, অত্যাচার, নির্যাতন বন্ধসহ বিচার-প্রক্রিয়া প্রভাবমুক্ত রাখার জন্য মামলাটি ভোলা অথবা ঢাকায় স্থানান্তরের দাবি জানান তিনি।
মো. হোসেন জানান, মামলায় তাঁর আইনজীবী হিসেবে রয়েছেন হযরত আলী ও হারুন ফরাজি। গত সোমবার ওই দুই আইনজীবী অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করতে আদালতে যান। তখন উপজেলা ছাত্রলীগের একদল কর্মী হযরত আলীকে জোর করে বাইরে নিয়ে যান এবং পিটিয়ে জখম করে মোটরসাইকেল ও মামলার কাগজপত্র ছিনতাই করেন।
এ অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউসুফ হোসেন বলেন, আইনজীবীকে পিটিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, নিহত আবদুর রাজ্জাকের বাবা যে ১৭ জনকে আসামি করেছেন, সেখানে অনেক নিরপরাধ লোক ছিলেন। পুলিশ তদন্ত করে সন্দেহভাজন ছয়জনকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছে।
উল্লেখ্য, গত বছর ২৫ সেপ্টেম্বর রাতে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার বেড়িবাঁধের ওপর থেকে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রাম পুলিশের এক সদস্য শশীভূষণ থানায় মামলা করেন। পরদিন মো. হোসেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ ১৭ জনকে আসামি করে মামলা করেন।