চরফ্যাশনে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১৫
ভোলার চরফ্যাশন উপজেলায় গতকাল শনিবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চার ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির কার্যালয় ও ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সকাল নয়টায় উপজেলার চরমানিকা ইউনিয়ন বিএনপি শওকাতারা নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমের রোগমুক্তি উপলক্ষে দোয়া ও টেলিকনফারেন্সের আয়োজন করে। একই সময় দক্ষিণ আইচা বাজারে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ করে। ওই সমাবেশ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বিএনপির অনুষ্ঠানস্থলে হামলা চালান। বিএনপির নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। ঘটনার পর চরফ্যাশন সদর থেকে চার-পাঁচটি মাইক্রোবাসে করে ছাত্রলীগ-যুবলীগের একদল কর্মী এসে বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত আইচা বাজারে তাণ্ডব চালান। এ সময় বিএনপির কার্যালয় ও ১০টি দোকান-বসতঘর ভাঙচুর করা হয়।চরমানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপির চেয়ারম্যান রেজাউল খন্দকার বলেন, তাঁদের অনুষ্ঠানটি ছিল পূর্বনির্ধারিত। ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালালেও পুলিশ এগিয়ে আসেনি। বাধ্য হয়ে তাঁরা প্রতিরোধ করেছেন।ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসেম মহাজন বলেন, বিএনপি কার্যালয় ও দোকান ভাঙচুরের অভিযোগ তিনি অস্বীকার করেন। দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত।