চরফ্যাশনে ত্রাণের চাল বিতরণে বিলম্ব ও অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশনে ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে সাধারণ ত্রাণের (জিআর) চাল বিতরণে বিলম্ব ও অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ ৫০ মেট্রিক টন চালের বেশির ভাগই এখনো গুদাম থেকে তোলা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিজিডি ও বিশেষ ভিজিএফের কিছু চাল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বিতরণ করছেন।

চরফ্যাশনে দুটি খাদ্যগুদাম আছে। শশীগঞ্জ খাদ্যগুদাম কর্মকর্তা আলতাফ হোসেন ও মুখরবান্দা খাদ্যগুদাম কর্মকর্তা শৈলেন দাস জানান, এই উপজেলায় ১৯টি ইউনিয়ন। এর মধ্যে গত সোমবার পর্যন্ত ছয়টি ইউনিয়ন এপ্রিল ও মে মাসের ভিজিডির চাল এবং সাতটি ইউনিয়ন বিশেষ মৎস্য ভিজিএফের চাল তুলেছে। আর মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য জিআরের চাল তুলেছে মাত্র মুজিবনগর ও চর মানিকা ইউনিয়ন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-এলাহী জানান, মহাসেন আঘাত হানার আগেই এপ্রিল ও মে মাসের ভিজিডি ও বিশেষ ভিজিএফের চালের ছাড়পত্র (ডিও) চেয়ারম্যানদের হাতে দেওয়া হয়েছে। তাঁদের সেই চাল তুলে ইউনিয়ন পরিষদের (ইউপি) গুদামে মজুত রাখার কথা।

এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ঝড়ের পরদিন সেই চালের ছাড়পত্রও দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত  ব্যক্তিদের অভাব দ্রুত লাঘব করার লক্ষ্যে সবগুলো ত্রাণের চালের ছাড়পত্র  দেওয়া হয়েছে। যাঁরা মৎস্য ভিজিএফের তালিকাভুক্ত তাঁদের দুই মাসে   ৬০ কেজি; যাঁরা ভিজিডির     তালিকাভুক্ত তাঁদের দুই মাসে ৪৮ কেজি ৭৮ গ্রাম এবং মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ২০ কেজি করে চাল পাওয়ার কথা।

গত শনিবার মুজিবনগর ইউনিয়নে গিয়ে দেখা যায়, ইউনিয়নের দুস্থ-অসহায় ও মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। ওই ইউনিয়নে ১০০ দুস্থ নারীকে ভিজিডির চাল দেওয়া হয়েছে। সেখানে ত্রাণ তদারক কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

ভিজিডি কার্ডধারী নারীদের অভিযোগ, তাঁদের ৪৮ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু তাঁরা মেপে দেখেছেন, তাঁদের ৩৮-৪০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান আবদুল অজুদ মিয়া ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মালেকের দাবি, ভিজিডি কার্ডধারীদের ৪৮-৪৯ কেজি করেই চাল দেওয়া হয়েছে। তাঁরা বিশেষ মৎস্য ভিজিএফের চাল থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত আরও ২০০ জনকে ২০ কেজি করে চাল দিয়েছেন।

চর মানিকা ইউপির চেয়ারম্যান খন্দকার রেজাউল করিমের দাবি, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। তবে তিনি জানান, তিনি ঝড়ের আগে ভিজিডির দুই হাজার ৯২৬ কেজি চাল তোলেন। পরে শনিবার জিআরের আট টন চাল তোলেন। বাকি চাল তোলেননি। 

একইভাবে চর কুকরিমুকরি ইউনিয়নেও ভিজিডির চাল থেকে ৭০ জনকে ২০ কেজি করে দেওয়া হয়েছে।

ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যানরা সমন্বয় করে ত্রাণ বিতরণ করলে তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু ভিজিএফ, ভিজিডি ও জিআরের চাল নিয়ে নয়ছয় করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’