চরফ্যাশনে ধর্ষণ মামলায় তিন সালিসদার গ্রেপ্তার
ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নে ধর্ষণ মামলায় পুলিশ গত সোমবার তিন সালিসদারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। তাঁরা হলেন রহিম বলি, নাসিম পাটোয়ারী ও অহিদ দালাল।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার অসহায় এক জেলের কিশোরী মেয়েকে (১৪) বৈশাখী মেলা দেখাতে তাঁর ভগ্নিপতি নুরউদ্দিন নীলকমলের বাড়ি থেকে মোটরসাইকেল ভাড়া করে চরফ্যাশন শহরে নিয়ে যান। ফেরার পথে রাত আটটার দিকে ইউনিয়নের একতা বাজারের কাছে এসে মোটরসাইকেল থামিয়ে নুরউদ্দিন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার অজুহাতে কেটে পড়েন। এ সময় মোটরসাইকেল চালক শাহাবুদ্দিন মেয়েটির মুখে ওড়না পেঁচিয়ে বাগানবাড়িতে নিয়ে ধর্ষণ করে। সেখানে আরও দুজন অপকর্মের সহযোগী ছিল। এক ফাঁকে মেয়েটি দৌড়ে একতা বাজারে গিয়ে লোকজনের সহায়তা চায়। লোকজন তাকে পোশাক পরিয়ে তার বাবার কাছে পৌঁছে দেয়।কিন্তু ওই রাতেই নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হাওলাদার মেয়েটিকে তাঁর হেফাজতে রাখার নাম করে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের কথা সালিসে না বলার জন্য শাসিয়ে দেন। পরের দিন শুক্রবার সকালে নীলকমল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সালিস বৈঠক করে শাহাবুদ্দিনকে ৪০ হাজার টাকা জরিমানা ও ১০০ বেত্রাঘাতের সিদ্ধান্ত নেওয়া হয়। আর অন্যদিকে নুরউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সালিসদার হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হাওলাদার, দুলাল হাওলাদার, রহিম বলি, নাসির তালুকদার, আবদুর রশিদ বলিসহ ১০ জন। তাঁরা ধর্ষণের ঘটনা ধামাচাপা দিয়ে সালিসের জরিমানার টাকা আত্মসাতের চেষ্টা করছেন।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, গত শনিবার মেয়ের মা শাহাবুদ্দিন ও নুর মোহাম্মদকে প্রধান আসামি করে ১০ সালিসদারসহ ১৪ জনের বিরুদ্ধে ধর্ষণ এবং সালিসের নামে অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগে মামলা করেছেন। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।