চরফ্যাশনে ধর্ষণের অভিযোগে তরুণের বিরুদ্ধে মামলা
ভোলার চরফ্যাশন উপজেলায় ঢালচর ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর মা গত সোমবার মো. মোক্তার হোসেন (২০) নামের এক তরুণকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেছেন।
মোক্তার হোসেন ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস শহিদের ছেলে।
এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরীর দূর সম্পর্কের আত্মীয় হন আবদুস শহিদ ও তাঁর ছেলে মোক্তার হোসেন। গত জুনে কিশোরীর বাড়িতে তাঁরা দুজন সপ্তাহখানেক ছিলেন। তখন বিয়ের প্রলোভন দেখিয়ে মোক্তার কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনার পর তাঁরা নিজ বাড়িতে চলে যান। পরে কিশোরীর মা বিষয়টি জানতে পেরে মোক্তারের বাবাকে জানান। তবে তাঁরা অস্বীকার করেন। ৫ আগস্ট তিনি মেয়েকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা করে চিকিৎসকেরা জানান তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা।
কিশোরীর মা বলেন, মোক্তার ও তাঁর পরিবারের সদস্যরা ধর্ষণের ঘটনা অস্বীকার করেছেন। একপর্যায়ে তাঁদের নিয়ে মেয়েকে চরফ্যাশনে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। সেখানে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বেরিয়ে আসে। তখন তাঁরা ৫০ হাজার টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি এ ঘটনার বিচার চান। এ বিষয়ে সোমবার তিনি সংবাদ সম্মেলনও করেছেন।
এ সম্পর্কে ঢালচর ইউপির সদস্য আবদুস শহিদ বলেন, ওই কিশোরীর পরিবার তাঁদের দূর সম্পর্কের আত্মীয়। তাঁর ছেলে সম্পূর্ণ নির্দোষ। তাঁরা অন্যের দায় তাঁর ছেলের ওপর চাপাতে চাইছেন।