চরফ্যাশনে পাঁচ হাজার ছাগলের মৃত্যু
ভোলার চরফ্যাশন উপজেলার দুটি ইউনিয়নে ২০ থেকে ২৫ দিনের ব্যবধানে কমপক্ষে পাঁচ হাজার ছাগল মারা গেছে বলে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন। এ ছাড়া আরও কয়েক হাজার ছাগল আক্রান্ত আছে বলে জানা গেছে।
ঢালচর ইউনিয়নের পশু চিকিৎসক মফিজুল ইসলাম ও কুকরি-মুকরি ইউনিয়নের পশু চিকিৎসক অসীম চন্দ্র শিকদার জানান, ছাগল সর্দি-জ্বর, শ্বাসকষ্ট, মাথা ফোলা, জিব ঝুলে যাওয়া, ঘা, মুখ থেকে লালা ঝরা, পাতলা পায়খানা, পায়খানার সঙ্গে রক্ত ও চর্বি ঝরা ইত্যাদি রোগে আক্রান্ত। দুজন পশু চিকিৎসক আরও জানান, চরবাসী যত্রতত্র মরা ছাগল ফেলায় দুর্গন্ধে ইউনিয়নে বসবাস অযোগ্য হয়ে পড়েছে। মানুষের ভেতর ব্যাপক হারে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ দেখা দিচ্ছে।
চর কুকরি-মুকরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপির সদস্য ফিরোজ মাহমুদ জানান, তাঁর আটটি ছাগলের একটি মারা যাওয়ার পর বাকিদের ডাঙায় পাঠিয়ে দিয়েছেন। তার পরও চারটি রোগে আক্রান্ত হয়েছে।
ঢালচর ও কুকরি-মুকরি ইউপির চেয়ারম্যানেরা জানান, গত ২০ থেকে ২৫ দিনে ঢালচরে কমপক্ষে তিন হাজার এবং কুকরি-মুকরিতে দুই হাজার ছাগল মারা গেছে। আক্রান্ত আছে আরও চার-পাঁচ হাজার ছাগল।
চরফ্যাশন প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা হিরণ্ময় বিশ্বাস জানান, জলোচ্ছ্বাসের পানিতে ঢালচর ও কুকরি-মুকরি ইউনিয়ন প্লাবিত হওয়ায় ছাগলের ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। এ কারণেই ছাগল মারা যাচ্ছে।