চরফ্যাশনে বন বিভাগের ৩০ হাজার গাছ কাটার অভিযোগ
ভোলার চরফ্যাশন উপজেলায় কুকরি-মুকরি রেঞ্জের চরদিঘল বনের প্রায় ৩০ হাজার গাছ গতকাল বৃহস্পতিবার ভোরে কেটে ফেলা হয়েছে। ওই জমি অবৈধভাবে দখল করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।কুকরি-মুকরির রেঞ্জার মাসুদ সরদার অভিযোগ করেন, মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বেলাল হোসেনের নেতৃত্বে ৪০০-৫০০ জন মানুষ ভোরের দিকে চরদিঘলে যায়। তারা কুড়াল ও করাত দিয়ে প্রায় ৩০ হাজার গাছ কেটে ওই জমি দখল করে নেয়। তিনি জানান, এটি ভোলা ও পটুয়াখালীর সীমান্তবর্তী এলাকা এবং ভোলার মূল ভূখণ্ড থেকে অনেক দূরে হওয়ায় বিষয়টি গলাচিপার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়।গলাচিপার ইউএনও লস্কর তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভূমিহীনেরা সম্প্রতি একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। ভূমিহীনেরা গাছ কাটা শুরু করেছে, এমন খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি।’এ ব্যাপারে জানতে বেলাল হোসেনের দুটি মুঠোফোন নম্বরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সাঈদ আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা পুলিশ ও কোস্টগার্ডের সাহায্য চেয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০২-০৩ ও ২০০৭-০৮ অর্থবছরে চরদিঘলের ৬২৫ হেক্টর জমিতে বন বিভাগ কেওড়ার নার্সারি করে। ২০০৬ সালে তৎকালীন পটুয়াখালী উপজেলা পরিষদ চরদিঘলকে চরমার্গারেট দাবি করে বনের এক হাজার ৮০০ একর জমি এক হাজার ২০০ জন ভূমিহীন ব্যক্তির মধ্যে বন্দোবস্ত দেয়। ২০০৮ সালে গলাচিপা উপজেলার চরমন্তাজের ভূমিদস্যুরা ভোলা বন বিভাগের জমিকে নিজেদের দাবি করে তা দখলের পাঁয়তারা করে। এ ঘটনার পর পটুয়াখালী জেলা প্রশাসকের মিলনায়তনে ২০০৮ সালে সমঝোতা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয়, জমি যে জেলারই হোক, বন বিভাগ যেহেতু গাছ লাগিয়েছে, ওই জমি বন বিভাগের থাকবে। ভূমিহীন লোকজনকে অন্য কোথাও জমি বন্দোবস্ত দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই সিদ্ধান্ত মেনে নেন। সম্প্রতি আবার ওই জমি দখলের পাঁয়তারা শুরু হয়।